প্রকাশ্যে সৌরভ গাঙ্গুলির বায়োপিকের ফার্স্ট লুক, লর্ডসের ব্যালকনিতে 'দাদা' রূপে রাজকুমার রাও
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১২:১৭ পিএম
ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির জন্মদিনে প্রকাশ্যে এসেছে তার বায়োপিক 'দাদা: দ্য সৌরভ গাঙ্গুলি স্টোরি'-র প্রথম পোস্টার। ২০০২ সালের ন্যাটওয়েস্ট সিরিজে লর্ডসের ব্যালকনিতে সৌরভের ঐতিহাসিক জার্সি ওড়ানোর মুহূর্তটি দিয়ে সিনেমাটির প্রথম ঝলক মুক্তি পেল। এতে সৌরভের চরিত্রে অভিনয় করা রাজকুমার রাওকে দেখে আবেগঘন প্রতিক্রিয়াও দিয়েছেন প্রিন্স অব কলকাতা।
বুধবার (৮ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পায় সিনেমাটির ফার্স্ট লুক পোস্টার।
সৌরভ নিজেও সেটি শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি লেখেন, 'সেরা উপহার। রাজকুমার, বড়পর্দায় পর্দায় তোমার ব্যাটে আমার সেই কভার ড্রাইভ দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না!'
ছবিটি শুধুমাত্র একজন ক্রিকেটারের সাফল্যের গল্প বলবে না, বরং তুলে ধরবে এক বাঙালি যুবকের বিশ্ব ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক হয়ে ওঠার সংগ্রাম। কলকাতার ক্রিকেট মাঠ থেকে শুরু করে ভারতীয় দলের নেতৃত্ব, বিদেশের মাটিতে ভারতের লড়াকু মানসিকতা গড়ে তোলা, তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়া এবং ভারতীয় ক্রিকেটে নতুন যুগের সূচনা— সবকিছুরই প্রতিফলন থাকবে এই বায়োপিকে।
সিনেমাটির পরিচালনার দায়িত্বে রয়েছেন বিক্রমাদিত্য মোটওয়ানে। এটি প্রযোজনা করছেন লভ রঞ্জন ও অঙ্কুর গর্গ। টি-সিরিজ এবং লভ ফিল্মসের ব্যানারে নির্মিত এই বহু প্রতীক্ষিত ছবি ২০২৭ সালের ১৪ মে বিশ্বজুড়ে মুক্তি পাবে।
/এমএইচআর