ফিফা প্রেসিডেন্টের ভূমিকা নিয়ে প্রশ্ন, তদন্ত চায় ইইউ আইনপ্রণেতারা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১০:০২ এএম
হোয়াইট হাউসের ওভাল অফিসে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
পক্ষপাতিত্বের অভিযোগে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর ভূমিকা তদন্তের দাবি তুলেছেন ইউরোপীয় পার্লামেন্টের একদল আইনপ্রণেতা। খবর, এপি'র।
মঙ্গলবার (৮ জুলাই) তারা ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৭ দেশের ফুটবল অ্যাসোসিয়েশনগুলোর কাছে একটি চিঠি পাঠিয়ে ফিফার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে আনুষ্ঠানিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। এখন পর্যন্ত ৩৫ জন আইনপ্রণেতা চিঠিতে স্বাক্ষর করেছেন।
এতে বলা হয়, বিশ্বকাপ ফুটবলের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে ইউরোপের দেশগুলোর সম্মিলিতভাবে এগিয়ে আসা জরুরি। বিশেষ করে ‘বালোগান’ সংক্রান্ত মামলার সিদ্ধান্ত কীভাবে নেওয়া হয়েছে, তা নিরপেক্ষভাবে তদন্তের দাবি রাখে।
ইউরোপীয় পার্লামেন্টের আইনপ্রণেতা ব্যারি অ্যান্ড্রুস, লারা ভল্টার্স এবং নিলস ফুগলস্যাং এক যৌথ বিবৃতিতে বলেন, 'টুর্নামেন্টের মাঝপথে লাল কার্ডের নিষেধাজ্ঞার নিয়ম পরিবর্তন করার ফিফার সিদ্ধান্তটি একটি লজ্জাজনক ঘটনা এবং ন্যায়বিচারের বিকৃতি। আমরা আবারও দেখলাম ইনফান্তিনো ও ফিফা ট্রাম্প প্রশাসনের দাবির কাছে আত্মসমর্পণ করেছে। খেলার সৌন্দর্য হলো এটি নিরপেক্ষ ও স্বচ্ছ নিয়মের ওপর ভিত্তি করে গড়ে ওঠে। যখন ইনফান্তিনো রাজনৈতিক চাপকে খেলার সুযোগ নির্ধারণ করতে দেন, তখন ন্যায্যতা থাকে না।'
বিতর্কের সূত্রপাত মূলত গত সপ্তাহে বসনিয়া ও হার্জেগোভিনার একটি ম্যাচকে কেন্দ্র করে। ওই ম্যাচে যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার বালোগান সরাসরি লাল কার্ড পেয়েছিলেন। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই সিদ্ধান্তকে ‘অন্যায়’ বলে মন্তব্য করেন। এরপর ফিফা একটি আইনি বিধানের আওতায় বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে, যা নতুন করে বিতর্কের জন্ম দেয়।
উল্লেখ্য, চলমান ফিফা বিশ্বকাপে রেফারি বিতর্কও আলোচনায় এসেছে বারবার। সেসব অভিযোগসহ খেলার ফলাফলে রাজনৈতিক চাপ, স্পন্সর ইস্যু ইত্যাদি বিষয় খতিয়ে দেখবে ইউরোপীয় পার্লামেন্ট।
/এমএইচআর