×
Logo

খেলাধুলা

আর্জেন্টিনা-মিশর: ফল ছাপিয়ে আলোচনার কেন্দ্রে রেফারির 'দ্বিচারিতা'

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৮:৫২ এএম

আর্জেন্টিনা-মিশর: ফল ছাপিয়ে আলোচনার কেন্দ্রে রেফারির 'দ্বিচারিতা'

ফিফা বিশ্বকাপে মিশরকে রুখে দিয়ে অসাধারণ এক প্রত্যাবর্তনের গল্পে শেষ আটে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে ম্যাচের রোমাঞ্চকর ফলাফল ছাপিয়ে এখন ফুটবল দুনিয়ায় মূল আলোচনার কেন্দ্রবিন্দুতে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত। মিশরের দ্বিতীয় গোলটি বিল্ড-আপে লিসান্দ্রো মার্টিনেজের পায়ে সামান্য ছোঁয়া লাগার কারণে ‘ভিএআর’ দেখে বাতিল করা হলেও, আর্জেন্টিনার তৃতীয় গোলের আগে ডি-বক্সে মোহাম্মদ সালাহ ফাউলের শিকার হওয়ার পর দেখা হয়নি ভিএআর।

এতেই উঠেছে সমালোচনার ঝড়, খোদ মিশরের খেলোয়াড়রা রেফারির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন পক্ষপাতিত্বের। তবে, এই ইস্যুতে কী বলছে ফিফার নিয়ম? রেফারির এই দৃশ্যমান দ্বিচারিতাই এখন যেন হট টপিক।

ফিফার নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় প্রতিপক্ষের পায়ে বুট দিয়ে মাড়িয়ে দিলে আঘাতের তীব্রতা, উদ্দেশ্য ও গতির ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হয়। মিশরের গোলের আগে দৌড়ানোর স্বাভাবিক গতিতে লিসান্দ্রো মার্টিনেজের পায়ে সামান্য ছোঁয়া লাগলেও, নিয়ম অনুযায়ী রেফারি এটিকে অসতর্ক ফাউল হিসেবে ধরেন এবং মিশরের দ্বিতীয় গোলটি বাতিল করেন।

আর্জেন্টিনার তৃতীয় গোলের গল্পটাও অনেকটা এমন। যেটা ঠিক একইভাবে বিল্ড-আপ হয়েছিলো, প্রেক্ষাপটও ছিল এক। বল নিয়ে আর্জেন্টিনার বক্সে ঢুকেছিলেন সালাহ। ঠিক তখনই ট্যাকল করে বল দখলে নেন হুলিয়ান আলভারেজ। যেখানে বক্সেই পড়ে যান সালাহ, এরপর সেখান থেকে শুরু এক আক্রমণে গোল পায় আর্জেন্টিনা।

মিশর পেনাল্টির দাবি তুললেও ভিএআরে তা চেক পর্যন্ত করতে দেননি রেফারি। ফুটবলের নিয়ম বলছে— কোনো ডিফেন্ডার যদি ট্যাকেলের সময় প্রথমে পরিষ্কারভাবে বল স্পর্শ করেন, এরপর স্বাভাবিক গতির কারণে শারীরিক সংঘর্ষ হলে তা ফাউল নয়। কিন্তু মূল বিতর্ক হলো, মিশরের ফাউলটি ভিএআর দেখে গোল বাতিল করা হলে, সালাহর পেনাল্টির দাবি কেন ভিএআরে চেক করা হলো না? কারণ যদি চেক করার পর ফাউল ধরা পড়তো তবে গোল তো বাতিল হতোই, পাল্টা পেনাল্টি পেত মিশর। এই দ্বিমুখী সিদ্ধান্তের কারণেই প্রশ্ন উঠেছে-ফিফা কি নির্দিষ্ট কোনো দলকে বিশেষ সুবিধা দিচ্ছে?

এর আগে, গ্রুপ পর্বে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচেও একই ধরনের ফাউল আমলে নেননি রেফারি, যেখান থেকে গোল করেছিলেন ম্যাক অ্যালিস্টার। একের পর এক এমন ঘটনায় এবারের বিশ্বকাপে যেন তীব্র প্রশ্নবাণে জর্জরিত ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা, সে সুতোতে সমালোচনায় রেফারিও।

/এমএইচআর

Logo