×
Logo

খেলাধুলা

প্রথমার্ধ শেষে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২-১ গোলে এগিয়ে বেলজিয়াম

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৭:০৩ এএম

প্রথমার্ধ শেষে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২-১ গোলে এগিয়ে বেলজিয়াম

সিয়াটলের মাঠে বল গড়ানোর আগেই যা নিয়ে তোলপাড় ছিল বিশ্বফুটবল, সেই রাজনৈতিক নাটকের নায়ক ফোলারিন বালোগানকে শেষ পর্যন্ত শুরুর একাদশেই নামিয়ে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোনে ফিফা নজিরবিহীনভাবে বালোগানের সরাসরি লাল কার্ডের নিষেধাজ্ঞা স্থগিত করায় আজ বেলজিয়ামের বিরুদ্ধে প্রথম মিনিট থেকেই মাঠে আছেন এই ফরোয়ার্ড। তবে মাঠের বাইরের সেই অন্যায্য সুবিধার ক্ষোভ যেন মাঠের ফুটবল দিয়েই উগরে দিচ্ছে বেলজিয়ান রেড ডেভিলরা। ফরোয়ার্ড চার্লস ডি কেটেলারের চোখধাঁধানো জোড়া গোলে ম্যাচের প্রথমার্ধেই স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ২-১ ব্যবধানে কোণঠাসা করে ফেলেছে বেলজিয়াম।

মঙ্গলবার (৭ জুলাই) ম্যাচের শুরুতেই অবশ্য ট্রাম্পের আমেরিকাকে স্তব্ধ করে দেয় বেলজিয়াম। খেলার মাত্র ৯ মিনিটে মার্কিন রক্ষণভাগের চরম অসাবধানতার সুযোগ নিয়ে বক্সের ভেতর বল পেয়ে যান চার্লস ডি কেটেলারা। অত্যন্ত ঠান্ডা মাথায় নিখুঁত ফিনিশিংয়ে বল জালে জড়িয়ে বেলজিয়ামকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন এই ফরোয়ার্ড। শুরুর এই বড় ধাক্কা সামলে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে মাউরিসিও পোচেত্তিনোর শিষ্যরা। ম্যাচের ৩১ মিনিটে সিয়াটলের গ্যালারি কাঁপিয়ে এক দুর্দান্ত ও অবিশ্বাস্য ফ্রি-কিক গোলে যুক্তরাষ্ট্রকে ১-১ সমতায় ফেরান মার্কিন মিডফিল্ডার মালিক টিলম্যান।

তবে স্বাগতিক দর্শকদের সেই সমতা ফেরানোর উল্লাস ও আনন্দ স্থায়ী হতে পারেনি মাত্র ৩ মিনিটও। আমেরিকানরা যখন ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার ছক কষছে, ঠিক তখনই অর্থাৎ ৩৩ মিনিটে আবারও দৃশ্যপটে হাজির হন বেলজিয়ামের সেই হন্তারক চার্লস ডি কেটেলারা। 

মাঝমাঠ থেকে ধেয়ে আসা আক্রমণকে অসাধারণ দক্ষতায় নিজের ও দলের দ্বিতীয় গোলে রূপান্তর করে স্কোরলাইন ২-১ করেন তিনি। মাত্র তিন মিনিটের ব্যবধানে সমতা হারিয়ে ডিফেন্সে চরম ছন্নছাড়া রূপ ধারণ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মাঠের বাইরে হোয়াইট হাউসের ক্ষমতার জোর খাটলেও, সিয়াটলের পিচে বেলজিয়ানদের ক্ষুরধার ফুটবলের সামনে বালোগান-পুলিসিকরা এখন ম্যাচ বাঁচানোর কঠিন লড়াইয়ে অবতীর্ণ। 

/এএ 

Logo