×
Logo

খেলাধুলা

জয় উদযাপন করতে গিয়ে হেন্ডারসনের বিশ্বকাপ যাত্রা সমাপ্ত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ১২:১০ এএম

জয় উদযাপন করতে গিয়ে হেন্ডারসনের বিশ্বকাপ যাত্রা সমাপ্ত

ফিফা বিশ্বমঞ্চে স্বাগতিক মেক্সিকোর ঐতিহাসিক অ্যাজটেকা স্টেডিয়ামে ৩-২ গোলের এক অবিশ্বাস্য ও রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে ইংল্যান্ড। কিন্তু থ্রি লায়ন্স শিবিরের সেই বাঁধভাঙা জয়ের আনন্দ এক নিমেষেই রূপ নিল চরম বিষাদ আর আতঙ্কে।

সোমবার (৬ জুলাই) ম্যাচ শেষে মাঠে যখন ইংলিশদের উৎসব চলছে, ঠিক তখনই এক মর্মান্তিক দুর্ঘটনায় পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন অভিজ্ঞ ইংলিশ মিডফিল্ডার জর্ডান হেন্ডারসন। মেক্সিকোর বিরুদ্ধে মরণপণ লড়াই শেষে বীরোচিত জয় নিশ্চিত করে মাঠেই হেন্ডারসন হুঙ্কার দিয়ে সংবাদমাধ্যমকে বলেছিলেন, আজটেকার উদ্দীপনা ছিল অবিশ্বাস্য এবং মেক্সিকো আমাদের শেষ সীমা পর্যন্ত ঠেলে দিয়েছিল। কিন্তু আমরা কোনো অজুহাত ছাড়াই এখানে এসেছিলাম এবং এই ঐতিহাসিক জয় অর্জন করেছি। কিন্তু এই গর্বিত উচ্চারণের পর সতীর্থদের সাথে জয়ের রাজকীয় উদযাপন করতে গিয়েই যে তার ক্যারিয়ারের অন্যতম বড় দুঃসময় নেমে আসবে, তা হয়তো কল্পনাও করতে পারেননি তিনি।

ম্যাচ শেষের পর গ্যালারিতে থাকা দর্শকদের সাথে উল্লাস প্রকাশ করে ড্রেসিংরুমে ফেরার সময় ঘটে সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা। মাঠের সীমানায় থাকা স্পন্সর বা বিজ্ঞাপন বোর্ডের ওপর দিয়ে অসাবধানতাবশত এক লাফ দেন হেন্ডারসন। কিন্তু মাটিতে ল্যান্ড করার সময় ভারসাম্য হারিয়ে বেকায়দায় আছড়ে পড়েন তিনি। মাটিতে পড়েই তীব্র যন্ত্রণায় কাতরাতে থাকা হেন্ডারসনকে দেখে মুহূর্তের মধ্যে ইংলিশ ফুটবলারদের উল্লাস স্তব্ধ হয়ে যায় এবং পুরো দলে রাজ্যের আতঙ্ক নেমে আসে। সতীর্থরা দ্রুত চিৎকার করে দলের চিকিৎসাকর্মীদের মাঠে ডেকে আনেন। প্রাথমিক চিকিৎসা দেওয়ার সময় সতীর্থরা তাকে চারপাশ থেকে ঘিরে রাখেন এবং শেষ পর্যন্ত স্ট্রেচারে করে অত্যন্ত করুণ অবস্থায় তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।

পরবর্তীতে ইংল্যান্ড দলের এক আনুষ্ঠানিক প্রতিনিধি নিশ্চিত করেছেন যে, এক্স-রে রিপোর্টে হেন্ডারসনের কব্জিতে গুরুতর ফাটল বা ফ্র্যাকচার ধরা পড়েছে। এই চোটের কারণে দলের সাথে কানসাস সিটিতে পরবর্তী ক্যাম্পের উদ্দেশ্যে ফেরা হচ্ছে না তার। আপাতত একজন বিশেষজ্ঞ চিকিৎসককে সাথে নিয়ে মেক্সিকোতেই থেকে যেতে হচ্ছে এই ইংলিশ তারকাকে। 

আগামী ১১ জুলাই বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায় মায়ামির মাঠে বিশ্বকাপের হাইভোল্টেজ কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে ইংল্যান্ড, যেখানে তাদের প্রতিপক্ষ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে বিদায় করে দেওয়া শক্তিশালী নরওয়ে। ঘরের মাঠের দর্শকদের রুখে দিয়ে ইংলিশরা এই মরা-বাঁচার লড়াইয়ে টিকে গেলেও, অনাকাঙ্ক্ষিত এই ট্র্যাজেডিতে জর্ডান হেন্ডারসনের ২০২৬ বিশ্বকাপ জয়ের স্বপ্ন আজ অ্যাজটেকার বুকেই অকালে থমকে গেল।

/এএ

Logo