×
Logo

খেলাধুলা

পর্তুগাল-স্পেন মহারণে কে হাসবে শেষ হাসি?

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৫:২৭ পিএম

পর্তুগাল-স্পেন মহারণে কে হাসবে শেষ হাসি?

বিশ্বকাপে শেষ ষোলোর সবচেয়ে প্রতীক্ষিত লড়াইয়ে মুখোমুখি হচ্ছে আইবেরিয়ান দুই পরাশক্তি পর্তুগাল ও স্পেন। আজ সোমবার (৬ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় টেক্সাসের ডালাস স্টেডিয়ামে মাঠে নামবে দুদল।

এবারের বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছে স্পেন। 'রাউন্ড অব থার্টি টু'র ম্যাচে অস্ট্রিয়াকে ৩-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে আছে লা রোজা। স্পেনের আক্রমণভাগ সামলাবেন লামিন ইয়ামাল, দানি ওলমো ও মিকেল ওয়ারজাবাল। ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করার পর সময়ের সাথে সাথে নিজেদের গুছিয়ে নিয়েছে স্পেন।

অন্যদিকে, কঠিন লড়াই শেষে ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে 'শেষ ষোলো' নিশ্চিত করেছে পর্তুগাল। মাঠে তাদের ভরসা হয়ে থাকবে ক্রিশ্চিয়ানো রোনালদো, ব্রুনো ফার্নান্দেজ ও রাফায়েল লিয়াও। আছে ভিনিতহা, জোয়াও নেভেসের মতো সৃষ্টিশীল মিডফিল্ডার। বল দখল ও পাসিং ফুটবলে স্পেন এগিয়ে থাকলেও, দ্রুত কাউন্টার অ্যাটাকে পর্তুগালও হতে পারে সমান ভয়ংকর।

ম্যাচপূর্ব এক সংবাদ সম্মেলনে লা রোজাদের কোচ লুইস দে লা ফুয়েন্তে বলেন, ওদের কৌশল ও শক্তি-দুর্বলতা ভালোভাবে বোঝার জন্য গত ম্যাচটি বারবার বিশ্লেষণ করেছি। সমমানের দুটি দলের এই নকআউট লড়াইয়ে যেকোনো ছোট ভুল বা ছোট সুযোগই ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারে। তাই নিজেদের স্বাভাবিক সুন্দর ফুটবল খেলার পাশাপাশি, পর্তুগালকে কোনো ধরনের সুযোগ না দিয়ে যেকোনো মূল্যে জয় নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।

অন্যদিকে পর্তুগাল কোচ রবার্তো মার্টিনেজ জানান, স্পেন আমার মাতৃভূমি হলেও সেখানে আমি কখনও কাজ করিনি। এটা হয়তো অবিশ্বাস্য শোনাতে পারে, আমার আসল বাড়ি সেখানেই। টুর্নামেন্টের এই পর্যায়ে আমাদের একে অপরের মুখোমুখি হতে হচ্ছে- এটি সত্যিই দুঃখজনক। আমার মনে হয়, এটি একটি দুর্দান্ত 'ফাইনাল ম্যাচ' হতে পারতো।

এই মহারণে অপটা সুপার কম্পিউটার স্পেনকে কিছুটা এগিয়ে রাখছে। অপটার ২৫ হাজার প্রাক-ম্যাচ সিমুলেশনে নির্ধারিত ৯০ মিনিটে স্পেনের জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ৪৮.৬ শতাংশ। অন্যদিকে পর্তুগালের জয়ের সম্ভাবনা ২৫.৬ শতাংশ এবং ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা ২৫.৮ শতাংশ।

/এএম

Logo