এটি যদি আমার শেষ বিশ্বকাপও হয়, তাহলে সেটি উপভোগ করতে চাই: রোনালদো
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০২:০৬ পিএম
২০২৬ বিশ্বকাপই নিজের শেষ বিশ্বকাপ কি না এমন প্রশ্নের সরাসরি উত্তর আবারও এড়িয়ে গেলেন পর্তুগাল অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। তবে স্পেনের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের আগে জানিয়ে দিলেন, ফুটবলকে যা দেওয়ার ছিল, সবই দিয়েছেন। তাই ক্যারিয়ার শেষ হলেও তার কোনো আক্ষেপ থাকবে না।
সোমবার (৬ জুলাই) স্পেনের বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে ৪১ বছর বয়সী রোনালদো বলেন, আমি কখন অবসর নেব, সেটা আমিই ঠিক করব। সবাই একই প্রশ্ন করে— এটা কি আমার শেষ বিশ্বকাপ? দেখা যাবে। এখন এসব নিয়ে আলোচনার সময় নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আগামীকালের ম্যাচে ভালো খেলা।
রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ খেলতে আসা রোনালদো বলেন, আগামীকাল যা-ই হোক, আমি শতভাগ পরিষ্কার বিবেক নিয়েই মাঠ ছাড়ব। ফুটবলকে আমি যা দেওয়ার ছিল, সবই দিয়েছি। এটা আমার ভালোবাসা। কোনো প্রয়োজন থেকে নয়, শুধুই আবেগ থেকে এত বছর খেলেছি। জাতীয় দলের হয়ে খেলতে আমি সবসময়ই ভালোবাসি।
বিশ্বকাপ জয়ের চাপ নিয়েও ভাবছেন না বলে জানান এই ফরোয়ার্ড। তিনি বলেন, নিজের ওপর এমন কোনো চাপ দিচ্ছি না যে, আমাকে অবশ্যই জিততেই হবে। বিশ্বকাপের মতো মঞ্চে প্রতিটি ম্যাচ উপভোগ করতে হয়। এখন পর্যন্ত তিনটি গোল করেছি। কেউ হয়তো আরও ভালো করেছে, তবে আমারও মনে হয় না আমি খারাপ খেলছি।
এবারের বিশ্বকাপ আগের পাঁচ আসরের চেয়ে বেশি উপভোগ করছেন বলেও জানান রোনালদো। তার বিশ্বাস, ধীরে ধীরে উন্নতি করা পর্তুগাল, স্পেনকে হারানোর সামর্থ্য রাখে।
তিনি বলেন, আমাদের যদি বিশ্বাস না থাকত, তাহলে আমরা এখানে আসতাম না। প্রতিটি ম্যাচে আমরা আরও ভালো খেলছি। স্পেন শক্তিশালী দল, তারা শিরোপার দাবিদারও। তবে এটি ভিন্ন প্রতিযোগিতা। এখানে ছোট ছোট মুহূর্তই পার্থক্য গড়ে দেবে। আমার বিশ্বাস, আমরা জিতব।
সবশেষে রোনালদো বলেন, এটি যদি আমার শেষ বিশ্বকাপও হয়, তাহলে সেটি উপভোগ করতে চাই। তবে এটি বিশ্বকাপে আমার শেষ ম্যাচ হবে না, কারণ আমি আরও সামনে এগিয়ে যেতে চাই।
উল্লেখ্য, স্পেনের বিপক্ষে খেলতে নামলে এটি হবে রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ারের ২৩৩তম ম্যাচ। রিয়াল মাদ্রিদের হয়ে নয় বছর খেলার সুবাদে স্পেনের সঙ্গে তার রয়েছে বিশেষ সম্পর্ক। তবে জাতীয় দলের জার্সিতে স্পেনের বিপক্ষে এখন পর্যন্ত চারটি গোল করেছেন তিনি, যার মধ্যে ২০১৮ বিশ্বকাপে স্মরণীয় হ্যাটট্রিকও রয়েছে।
সূত্র: আল জাজিরা
/এনএ