×
Logo

খেলাধুলা

বালোগানের নিষেধাজ্ঞা স্থগিতে বেলজিয়াম কোচ

জানতাম না বিশ্বকাপে ৫ জুলাই'ই এখন ১ এপ্রিল হয়ে গেছে!

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১০:১৫ এএম

জানতাম না বিশ্বকাপে ৫ জুলাই'ই এখন ১ এপ্রিল হয়ে গেছে!

২০২৬ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগানের লাল কার্ডজনিত এক ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিত করায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বেলজিয়াম ফুটবল ফেডারেশন (আরবিএফএ)। সংস্থাটি জানিয়েছে, ফিফার এই সিদ্ধান্তে তারা 'বিস্মিত' এবং ফুটবলের ন্যায্যতা ও প্রতিযোগিতার সততা রক্ষায় সম্ভাব্য সব আইনি পদক্ষেপ খতিয়ে দেখা হচ্ছে।

মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৬টায় যুক্তরাষ্ট্রের সিয়াটলে 'রাউন্ড অব ১৬'-এ বেলজিয়ামের মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র। তার এক দিন আগে হঠাৎ করেই বালোগানের নিষেধাজ্ঞা এক বছরের জন্য স্থগিত করার ঘোষণা দেয় ফিফা। ফলে কোয়ার্টার ফাইনালে খেলতে কোনো বাধা থাকছে না যুক্তরাষ্ট্রের এই ফরোয়ার্ডের।

এ বিষয়ে সংবাদ সম্মেলনে কটাক্ষ করে বেলজিয়ামের কোচ রুডি গার্সিয়া বলেন, জানতাম না বিশ্বকাপে ৫ জুলাই'ই এখন ১ এপ্রিল হয়ে গেছে!

তিনি আরও বলেন, আমরা শুধু জাতীয় দল বা ফেডারেশনের পক্ষ নিচ্ছি না, আমরা ফুটবলকে রক্ষা করার চেষ্টা করছি।

'রাউন্ড অব ৩২'-এ বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচে প্রতিপক্ষের পায়ে আঘাত করার ঘটনায় ভিডিও পর্যালোচনার পর সরাসরি লাল কার্ড দেখেছিলেন বালোগান। ফিফার নিয়ম অনুযায়ী, এমন লাল কার্ডে স্বয়ংক্রিয়ভাবে এক ম্যাচ নিষেধাজ্ঞা কার্যকর হয় এবং সেটির বিরুদ্ধে আপিলের সুযোগও থাকে না।

তবে ফিফা জানায়, শৃঙ্খলা বিধির ২৭ নম্বর অনুচ্ছেদের আওতায় সেই নিষেধাজ্ঞা এক বছরের জন্য স্থগিত করা হয়েছে। অর্থাৎ, আগামী এক বছরে একই ধরনের অপরাধ না করলে তাকে ওই শাস্তি ভোগ করতে হবে না।

তবে কেন এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো ব্যাখ্যা দেয়নি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

/এনএ 

Logo