বৈরী আবহাওয়ায় এক ঘণ্টা পিছিয়ে গেলো মেক্সিকো-ইংল্যান্ড ম্যাচ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৬:০৫ এএম
বৈরী আবহাওয়া ও বজ্রপাতের ঝুঁকির কারণে ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোতে মেক্সিকো ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচের কিক-অফ এক ঘণ্টা পিছিয়ে দিয়েছে ফিফা।
সোমবার (৬ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৬টায় মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও এক ঘণ্টা দেরিতে শুরুর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
ফিফার এক বিবৃতিতে বলা হয়, মেক্সিকো সিটিতে বিরূপ আবহাওয়া এবং স্টেডিয়ামের আশপাশে বজ্রপাতের ঝুঁকির কারণে ম্যাচটি স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় (বাংলাদেশ সময় সকাল ৭টা) শুরু হবে। সংস্থাটি জানায়, খেলোয়াড়, কর্মকর্তা ও দর্শকদের নিরাপত্তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।
ম্যাচ শুরুর নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগে স্টেডিয়ামে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশনা দেওয়া হয়। পরে স্থানীয় সময় বিকেল ৫টা ১০ মিনিটে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, কিক-অফ এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছে। এ ঘোষণা শুনে স্টেডিয়ামের ভেতরে থাকা অনেক দর্শক অসন্তোষ প্রকাশ করেন।
এর আগে আজতেকা স্টেডিয়ামের ওপর বজ্রপাত, বজ্রধ্বনি, ভারী বৃষ্টি ও শিলাবৃষ্টি শুরু হয়। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দর্শক ও গণমাধ্যমকর্মীদের নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়। দর্শকরা স্টেডিয়ামের ছাউনির নিচে অবস্থান নেন, আর নিরাপত্তাকর্মী ও অন্যান্য কর্মীরা বিভিন্ন অস্থায়ী আশ্রয়ে সরে যান।
ফিফার বজ্রপাত সংক্রান্ত নিরাপত্তা নীতিমালা অনুযায়ী, স্টেডিয়ামের আট মাইল ব্যাসার্ধের মধ্যে বজ্রপাত হলে খেলা স্থগিত রাখতে হবে। এছাড়া, টানা ৩০ মিনিট বজ্রপাত না হলে তবেই ম্যাচ শুরু বা পুনরায় চালু করা যাবে। এ সময়ের মধ্যে নতুন করে বজ্রপাত হলে ৩০ মিনিটের হিসাব আবারও নতুন করে শুরু হবে।
/এনএ