পেনাল্টি মিসের হতাশা নিয়ে বিরতিতে ব্রাজিল, গোলশূন্য সমতায় শেষ হলো প্রথমার্ধ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০২:৫৩ এএম
ফিফা বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনের মহাগুরুত্বপূর্ণ ব্রাজিল-নরওয়ে ম্যাচের প্রথমার্ধ শেষ হয়েছে গোলশূন্য সমতায়। ব্রাজিল একাধিক সুযোগ তৈরি করলেও ফিনিশিংয়ের অভাবে তা পূর্ণতা পায়নি।
রোববার (৫ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে মুখোমুখি হয় দু'দল।
ম্যাচের শুরু থেকেই বল দখলে কিছুটা এগিয়ে থাকে ব্রাজিল। সুযোগও সৃষ্টি হয় তাদের সামনে। সেলেসাওদের এগিয়ে দেওয়ার সুযোগ পেয়েছিলেন ব্রুনো গিমারাইস। কিন্তু ম্যাচের ১৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন এই মিডফিল্ডার।
৪০তম মিনিটে নরওয়েকে আরেকবার বাঁচিয়ে দেন গোলরক্ষক ওরইয়ান নিল্যান্ড। বক্সের মধ্যে ওডেগার্ড বল হারান ভিনির কাছে। তবে ভিনির দুর্দান্ত শট ঠেকিয়ে দেন নিল্যান্ড। প্রথমার্ধের নির্ধারিত সময়ের কিছু আগে নরওয়ের একটি আক্রমণ ঠেকিয়ে ব্রাজিলকেও রক্ষা করেন সেলেসাও গোলরক্ষক অ্যালিসন বেকার।
শেষ পর্যন্ত গোলশূন্য সমতায় বিরতিতে যায় দু'দল। বিরতির পর কোন দল আগে ডেডলক ভাঙবে বা আদৌ ভাঙতে পারবে কিনা সেটাই দেখার অপেক্ষা। নির্ধারিত সময়ে সমতাসূচক স্কোর থাকলে ম্যাচ গড়াবে অতিরিক্ত সময়ে। সেখানেও একই ব্যাপার ঘটলে টাইব্রেকারে নির্ধারণ হবে ম্যাচের ফল।
/এমএইচআর