×
Logo

খেলাধুলা

মুখোমুখি ব্রাজিল-নরওয়ে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১২:০৫ এএম

মুখোমুখি ব্রাজিল-নরওয়ে

বিশ্বকাপের শেষ ষোলোর মহাগুরুত্বপূর্ণ ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হবে নরওয়ে। রোববার (৫ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

ম্যাচের সবচেয়ে বড় আকর্ষণ দুই তারকা ফরোয়ার্ড, ব্রাজিলের ভিনিসিউস জুনিয়র এবং নরওয়ের আর্লিং হালান্ড।

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি হলেও নরওয়ের বিপক্ষে সুখকর ইতিহাস নেই ব্রাজিলের। দুই দলের চার দেখায় একবারও জিততে পারেনি সেলেসাওরা। দুই ম্যাচে হেরেছে, বাকি দুটি ড্র হয়েছে। তাই পঞ্চম দেখায় সেই অস্বস্তিকর রেকর্ড ভাঙার লক্ষ্য নিয়েই মাঠে নামবে কার্লো আনচেলত্তির দল।

গ্রুপ পর্বে স্কটল্যান্ড ও হাইতিকে হারিয়ে এবং মরক্কোর সঙ্গে ড্র করে গ্রুপসেরা হয় ব্রাজিল। তবে রাউন্ড অব থার্টি টুতে জাপানের বিপক্ষে পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের গোলে ২-১ ব্যবধানে জয় তুলে নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। অন্যদিকে, ইরাক ও সেনেগালকে হারিয়ে এবং ফ্রান্সের কাছে হেরে গ্রুপ রানার্সআপ হয় নরওয়ে। এরপর শেষ মুহূর্তের গোলে আইভরি কোস্টকে ২-১ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জয় পায় ভাইকিংরা।

নরওয়ের সবচেয়ে বড় ভরসা অবশ্যই আর্লিং হালান্ড। অভিষেক বিশ্বকাপেই ২৫ বছর বয়সী এই স্ট্রাইকার ইতোমধ্যে করেছেন পাঁচ গোল, যা দলটির মোট ১০ গোলের অর্ধেক। তার সঙ্গে আক্রমণে থাকবেন অধিনায়ক মার্টিন ওডেগার্ডও।

অপরদিকে, ব্রাজিলের আক্রমণভাগের প্রধান অস্ত্র ভিনিসিউস জুনিয়র। এবারের বিশ্বকাপে চার গোল করে দলের সর্বোচ্চ গোলদাতা তিনি। এছাড়া ২০০২ সালের রোনালদো ও রিভালদোর পর প্রথম ব্রাজিলিয়ান হিসেবে টানা তিনটি গ্রুপ ম্যাচেই গোল করার কীর্তি গড়েছেন ভিনিসিউস। উল্লেখ্য, ২০০২ সালেই সর্বশেষ বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল।

পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণ প্রতিষ্ঠান অপটার সুপারকম্পিউটার অবশ্য ব্রাজিলকেই এগিয়ে রাখছে। তাদের হিসাব অনুযায়ী, নির্ধারিত সময়ে ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৫৩.৬ শতাংশ, নরওয়ের ২২.৪ শতাংশ এবং ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা ২৪ শতাংশ।

ইতিহাস ও পরিসংখ্যান একপাশে রাখলেও নরওয়ের বর্তমান দলকে সহজভাবে নেওয়ার সুযোগ নেই। আর্লিং হালান্ডকে সামনে রেখে শক্তিশালী আক্রমণভাগ নিয়ে মাঠে নামবে নরওয়ে। অন্যদিকে, ভিনিসিউস জুনিয়রের নেতৃত্বে দীর্ঘদিনের হেক্সা স্বপ্ন বাঁচিয়ে রাখতে মরিয়া থাকবে ব্রাজিল।

এই ম্যাচের বিজয়ী দল কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে মেক্সিকো অথবা ইংল্যান্ডের।

/এমএইচআর

Logo