×
Logo

খেলাধুলা

ইউরোপের ‘অভিশাপ’ থেকে মুক্তি মিলবে ব্রাজিলের?

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ১০:৫২ পিএম

ইউরোপের ‘অভিশাপ’ থেকে মুক্তি মিলবে ব্রাজিলের?

বিশ্বকাপে ২০০২ সালের পর থেকে ব্রাজিলের হেক্সা মিশন বারবার থেমে গেছে ইউরোপের দলগুলোর কাছে। ২০০৬ থেকে ২০২২ পর্যন্ত টানা ৫টি বিশ্বসেরার মঞ্চে ৪বার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে সেলেসাওরা। আর ২০১৪ সালে নিজেদের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলের লজ্জার হারে শেষ হয় তাদের শিরোপা স্বপ্ন।

২০০৬ বিশ্বকাপে ফ্রান্স, ২০১০ সালে নেদারল্যান্ডস, ২০১৪ সালে জার্মানি, ২০১৮ সালে বেলজিয়াম এবং ২০২২ সালে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ব্রাজিল। প্রতিবারই ইউরোপীয় দলের কাছে ভেঙেছে হেক্সা জয়ের স্বপ্ন। এবার শেষ ষোলোতে ব্রাজিলের প্রতিপক্ষ ইউরোপের আরেক দল নরওয়ে। রোববার (৫ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে অনুষ্ঠিত হবে ম্যাচটি। 

ম্যাচটি ঘিরে আবারও প্রশ্ন উঠেছে– ইউরোপের দলের বিপক্ষে ব্যর্থতার চক্র কি এবারও চলবে, নাকি দীর্ঘ ২৪ বছর ধরে চলা এই ‘ইউরোপীয় অভিশাপ’ এবার কাটাতে পারবে সেলেসাওরা?

পরিসংখ্যান অবশ্য ব্রাজিলের পক্ষে কথা বলছে না। এখন পর্যন্ত নরওয়ের বিপক্ষে ৪টি ম্যাচ খেলেও একবারও জয়ের দেখা পায়নি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। দুই ম্যাচে হেরেছে, বাকি দুটি হয়েছে ড্র। বিশ্বকাপের মঞ্চেও দুই দলের একমাত্র দেখায় জয় পেয়েছিল হালান্ডের দেশ। ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপের গ্রুপ পর্বে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়েছিল ইউরোপের দলটি। যদিও সেই আসরে ব্রাজিল ফাইনাল পর্যন্ত উঠেছিল।

ইতিহাস ও পরিসংখ্যান একপাশে রাখলেও নরওয়ের বর্তমান দলকে সহজভাবে নেওয়ার সুযোগ নেই। আর্লিং হালান্ডকে সামনে রেখে শক্তিশালী আক্রমণভাগ নিয়ে মাঠে নামবে নরওয়ে। অন্যদিকে, ভিনিসিউস জুনিয়রের নেতৃত্বে দীর্ঘদিনের হেক্সা স্বপ্ন বাঁচিয়ে রাখতে মরিয়া থাকবে ব্রাজিল।

এখন দেখার বিষয়, অতীতের দুঃস্মৃতি কাটিয়ে ব্রাজিল কি নতুন ইতিহাস লিখবে, নাকি আবারও ইউরোপের ‘অভিশাপে’ রচিত হবে বেদনাদায়ক অধ্যায়?

/এমএসটি/এএম

Logo