×
Logo

খেলাধুলা

হালান্ড-গ্যাব্রিয়েলের প্রিমিয়ার লিগের লড়াই এবার ব্রাজিল-নরওয়ে মহারণে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৪:৪৬ পিএম

হালান্ড-গ্যাব্রিয়েলের প্রিমিয়ার লিগের লড়াই এবার ব্রাজিল-নরওয়ে মহারণে

ইংলিশ প্রিমিয়ার লিগের গত কয়েক মৌসুমের সবচেয়ে রোমাঞ্চকর ও উত্তেজনাকর লড়াই এবার গ্লোবাল বা বৈশ্বিক রূপ নিতে যাচ্ছে বিশ্বমঞ্চে। রোববার (৫ জুলাই) নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে বিশ্বকাপের ‘রাউন্ড অব ১৬’-এর হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং ইউরোপের উদীয়মান শক্তি নরওয়ে। তবে এই ম্যাচটি কেবল দুটি দেশের লড়াই নয়, বরং ফুটবল বিশ্বের চোখ আটকে গেছে ইংলিশ প্রিমিয়ার লিগের দুই পরম শত্রুর নরওয়ের অনিরুদ্ধ গোলমেশিন আর্লিং হালান্ড বনাম ব্রাজিলের নিরেট রক্ষণ দেয়াল গ্যাব্রিয়েল মাগাহায়েস। ম্যানচেস্টার সিটি ও আর্সেনালের হয়ে ঘরোয়া ফুটবলের আধিপত্যের লড়াইয়ে এই দুই তারকার বৈরিতা একাধিকবার রূপ নিয়েছে চরম হাতাহাতি ও মাঠের নোংরা স্লেজিংয়ে। 

সাবেক ইংল্যান্ড স্ট্রাইকার ক্রিস সাটন এবং অ্যালান শিয়ারারের মতে, এবারের বিশ্বকাপে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে বা হ্যারি কেইনদের গোল্ডেন বুটের লড়াই চললেও, এমন কড়া ধাঁচের কোনো ‘পার্সোনাল ডুয়েল’ বা ব্যক্তিগত যুদ্ধ দেখা যায়নি। হলান্ড ও গ্যাব্রিয়েলের মধ্যে যে পারস্পরিক অপছন্দ কাজ করে, তার ইতিহাস বেশ পুরনো ও নাটকীয়। ইতিহাদ স্টেডিয়ামে সিটির জন স্টোন্সের শেষ মুহূর্তের সমতাসূচক গোলের পর, আর্সেনাল ডিফেন্ডার গ্যাব্রিয়েলের মাথায় পেছন থেকে সজোরে বল ছুঁড়ে মেরেছিলেন হালান্ড। ওই ম্যাচ শেষেই আর্সেনাল বস মিকেল আরতেতাকে দুবার বলে উসকানি দিয়েছিলেন নরওয়েজিয়ান স্ট্রাইকার। এরপর ২০২৫-এর ফেব্রুয়ারিতে আর্সেনাল যখন সিটিকে ৫-১ গোলে বিধ্বস্ত করে, তখন হালান্ডের কানের কাছে গিয়ে বুনো উল্লাসে চিৎকার করে সেই অপমানের মধুর প্রতিশোধ নেন গ্যাব্রিয়েল।   

গত এপ্রিলে সিটির ২-১ ব্যবধানের জয়ের পর গ্যাব্রিয়েলের মাথা গুঁজে দেওয়ার চেষ্টার বিপরীতে হালান্ড টিভি ক্যামেরার সামনে ফ্লো রিডার ‘গুড ফিলিং’ গান গেয়ে খোঁচা মেরেছিলেন। কিন্তু শেষ হাসিটা হাসেন গ্যাব্রিয়েলই; মে মাসে ২৪ বছর পর আর্সেনালের প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের পর ট্রফি হাতে ঠিক একই গানের ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে হালান্ডকে পাল্টা ট্রোল করেন এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার।

বিশ্বমঞ্চে সেই নাটকেরই পরবর্তী অধ্যায়। পরিসংখ্যান বলছে, ব্রাজিল তাদের ইতিহাসে নরওয়েকে চারবার মোকাবিলা করেও কখনো হারাতে পারেনি। সেলেসাওদের এই ঐতিহাসিক জুজু কাটাতে আজ গ্যাব্রিয়েলকে শান্ত থেকে হালান্ডকে বন্দি করতে হবে, অন্যদিকে হলান্ড চাইবেন ব্রাজিলের জাল কাঁপিয়ে আরও একবার ‘স্টে হাম্বল’ হুঙ্কার ছাড়তে।  

/এএ

Logo