রাউন্ড অব সিক্সটিন শুরু
মুখোমুখি কানাডা-মরক্কো
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১০:২৫ পিএম
বিশ্বকাপের শেষ ষোলোর লড়াই শুরু হচ্ছে আজ। এই পর্বের প্রথম ম্যাচেই কানাডার মুখোমুখি হচ্ছে মরক্কো। শনিবার (৪ জুলাই) বাংলাদেশ সময় রাত ১১টায় হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
দু'দলই রাউন্ড অব সিক্সটিনের টিকিট নিশ্চিত করেছে নাটকীয় জয়ের মাধ্যমে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যোগ করা সময়ের গোলে ১-০ ব্যবধানে জিতে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট ম্যাচে জয়ের স্বাদ পেয়েছে সহ-আয়োজক কানাডা।
অপরদিকে, ডাচদের বিপক্ষে শেষ মুহূর্তে সমতা ফিরিয়ে পরে টাইব্রেকারে জয় তুলে নিয়ে নিজেদের লড়াকু মানসিকতার প্রমাণ দিয়েছে আফ্রিকান জায়ান্ট মরক্কো।
আশরাফ হাকিমিদের সবচেয়ে বড় শক্তি তাদের শৃঙ্খলাবদ্ধ রক্ষণ এবং ম্যাচ নিয়ন্ত্রণের ক্ষমতা। পুরো টুর্নামেন্টে তারা প্রতিপক্ষকে খুব সীমিত সুযোগ দিয়েছে। আর বড় দলের বিপক্ষেও ঠান্ডা মাথায় ম্যাচ সামলেছে। রক্ষণভাগে নেতৃত্ব দিচ্ছেন হাকিমি ও নুসাইর মাজরাউই। আর মাঝমাঠে সফিয়ান আমরাবাতের লড়াকু উপস্থিতি দলকে ভারসাম্য দিচ্ছে। আক্রমণে ব্রাহিম দিয়াজ ও আয়ুব এল কাবির মতো খেলোয়াড়রা মুহূর্তে্র মাঝেই ম্যাচের ফল পরিবর্তন করে দেয়ার সামর্থ্য রাখে।
কানাডার শক্তি তাদের গতি, শারীরিক ক্ষমতা এবং দ্রুত আক্রমণে প্রতিপক্ষকে চাপে ফেলা। আলফন্সো ডেভিসের গতিময় রান, জোনাথন ডেভিডের ফিনিশিং এবং সাইল লারিনের অভিজ্ঞতা সবমিলিয়ে তারা যেকোনো রক্ষণভাগের জন্য বড় হুমকি। জেসি মার্শের দল পরিস্থিতি অনুযায়ী নিজেদের খেলার ধরন বদলাতেও পারদর্শী, যা নকআউট ম্যাচে তাদের বাড়তি সুবিধা করে দিতে পারে।
দুই দলের মুখোমুখি পরিসংখ্যানে অবশ্য এগিয়ে মরক্কোই। আগের চারবারের দেখায় কানাডা কোনো জয় পায়নি। তিনটি ম্যাচে জয় পেয়েছে মরক্কো, আর একটি ম্যাচ হয়েছে ড্র। সবশেষ কাতার বিশ্বকাপেও প্রথম রাউন্ডে কানাডাকে হারানোর সুখস্মৃতি রয়েছে মরক্কোর।
এখন দেখার বিষয় নকআউটের এই ম্যাচে কারা জয় পায়, কোয়ার্টার ফাইনাল অপেক্ষা করছে কার জন্য? প্রস্তুত হিউস্টন, প্রস্তুত ফুটবল ভক্তরা।
/এমএইচআর