×
Logo

খেলাধুলা

শেষ ষোলোর আগে ফ্রান্স শিবিরে বড় ধাক্কা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৪:৫৫ পিএম

শেষ ষোলোর আগে ফ্রান্স শিবিরে বড় ধাক্কা

ফিফা বিশ্বকাপে শেষ ষোলোর ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামার কয়েক ঘণ্টা আগে বড় দুঃসংবাদ পেল ফ্রান্স। উরুর চোটের কারণে ছিটকে গেছেন দলের অন্যতম নির্ভরযোগ্য মিডফিল্ডার অরেলিয়াঁ চুয়ামেনি।

ফরাসি ক্রীড়া দৈনিক লেকিপের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বার্তাসংস্থা রয়টার্স।

২৬ বছর বয়সী এই ফুটবলার ম্যাচপূর্ব শেষ অনুশীলনের সময় চোটে পড়েন। চলতি টুর্নামেন্টে ফ্রান্সের চার ম্যাচের তিনটিতেই শুরুর একাদশে ছিলেন চুয়ামেনি।

তার পরিবর্তে শুরুর একাদশে মানু কোনেকে দেখা যেতে পারে। এর আগে গ্রুপ পর্বে ইরাকের বিপক্ষে চুয়ামেনিকে বিশ্রাম দেওয়া হলে তার জায়গায় খেলেছিলেন কোনেই।

চলতি বিশ্বকাপে মাঝমাঠে দলের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন রিয়াল মাদ্রিদের এই তারকা।

গ্রুপ ‘আই’-এর সবক'টি ম্যাচেই জয় তুলে নিয়ে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করে ফ্রান্স। এরপর 'রাউন্ড অব থার্টি টু'তে সুইডেনকে ৩-০ গোলে পরাজিত করে শেষ ষোলোর টিকিট কাটে বর্তমান রানার্সআপরা।

ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিতব্য ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত ৩টায়।

/এএম

Logo