×
Logo

খেলাধুলা

রাতে কানাডার মুখোমুখি বদলে যাওয়া মরক্কো, লক্ষ্য এবারও ইতিহাস গড়ার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০২:৫২ পিএম

রাতে কানাডার মুখোমুখি বদলে যাওয়া মরক্কো, লক্ষ্য এবারও ইতিহাস গড়ার

২০২২ কাতার বিশ্বকাপে মরক্কোর রূপকথার যাত্রা আজও ফুটবলপ্রেমীদের মনে অমলিন। কোয়ার্টার ফাইনালে পর্তুগালকে হারিয়ে সেমিফাইনালে ওঠা, ইউসুফ এন-নেসিরির দুর্দান্ত হেড, হাকিম জিয়েচের নৈপুণ্য কিংবা ম্যাচ শেষে মায়ের সঙ্গে সৌফিয়ান বুফালের আবেগঘন উদযাপন, সব মিলিয়ে ইতিহাস গড়েছিল 'আটলাস লায়ন্সরা'।

চার বছর পর, ২০২৬ বিশ্বকাপে, সেই দলের চেহারা পুরোপুরি বদলে গেছে। এন-নেসিরি, জিয়েচ, বুফাল কিংবা তৎকালীন কোচ ওয়ালিদ রেগরাগুই— কেউই এবার দলে নেই। আগের দলের কেবল আশরাফ হাকিমি, নুসাইর মাজরাউই, আজেদিন উনাহি, বিলাল এল-খানুস এবং গোলরক্ষক ইয়াসিন বুনোসহ কয়েকজন টিকে আছেন।

তবুও বদলে যাওয়া এই মরক্কো এখনো অপরাজিত। 'রাউন্ড অব ৩২'-এ নেদারল্যান্ডসকে টাইব্রেকারে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে তারা। যদিও গ্রুপ পর্বে ব্রাজিলের নিচে থেকে দ্বিতীয় হওয়ায় সমালোচনার মুখেও পড়তে হয়েছে দলটিকে।

শনিবার (৪ জুলাই) বাংলাদেশ সময় রাত ১১টায় যুক্তরাষ্ট্রের হিউস্টনে শেষ ষোলোতে কানাডার বিপক্ষে স্পষ্ট ফেভারিট হিসেবেই মাঠে নামবে মরক্কো। সেই বাধা পেরোতে পারলে কোয়ার্টার ফাইনালে অপেক্ষা করতে পারে ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালে তাদেরকে হারানো প্রতিপক্ষ ফ্রান্স।

রক্ষণাত্মক কৌশল থেকে আক্রমণাত্মক সিল্ক ফুটবল

২০২২ বিশ্বকাপে রেগরাগুইয়ের অধীনে মরক্কোর মূল শক্তি ছিল সংগঠিত রক্ষণ ও দ্রুত পাল্টা আক্রমণ। বলের দখল প্রতিপক্ষকে ছেড়ে দিয়ে সুযোগ বুঝে আঘাত হানাই ছিল তাদের কৌশল। সেই পরিকল্পনাতেই পর্তুগালের মতো শক্তিশালী দলকে বিদায় করে ইতিহাস গড়েছিল মরক্কো।

কিন্তু ২০২৫ আফ্রিকা কাপ অব নেশনসের বিতর্কিত শিরোপা জয়ের পরও রেগরাগুইকে নিয়ে সমালোচনা থামেনি। শেষ পর্যন্ত বিশ্বকাপের আগে দায়িত্ব পান যুব দলের সফল কোচ মোহাম্মদ উহাবি।

উহাবির অধীনে মরক্কোর ফুটবলের দর্শনই যেন বদলে গেছে। তরুণ, গতিময় ও আক্রমণভাগে স্বাধীনভাবে অবস্থান বদল করতে পারা ফুটবলারদের নিয়েই দল গড়েছেন তিনি।

২০২৪ অলিম্পিকে ব্রোঞ্জ, আফ্রিকান নেশনস চ্যাম্পিয়নশিপ এবং আরব কাপ জয়ের অভিজ্ঞতা থেকে উঠে আসা এই নতুন প্রজন্ম ইতোমধ্যেই বিশ্বকাপে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। উদ্বোধনী ম্যাচেই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ১-১ গোলে রুখে দেয় তারা।

ফুটবল বিশ্লেষকদের মতে, ২০৩০ সালে নিজ দেশে বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবেই দীর্ঘমেয়াদি পরিকল্পনায় এগোচ্ছে মরক্কো। বর্তমান দলের গড় বয়সও ২৬ বছরের নিচে।

বিতর্ক পেরিয়ে আবারও প্রশংসায়

২০২৫ আফ্রিকা কাপ অব নেশনসের ফাইনাল ঘিরে বিতর্কে নিরপেক্ষ সমর্থকদের একাংশের সমর্থন হারিয়েছিল মরক্কো। তবে এবারের বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে সাহসী ফুটবল এবং নেদারল্যান্ডসকে হারিয়ে সেই আস্থা অনেকটাই ফিরিয়ে এনেছে তারা।

মাঠের বাইরেও বেশ কিছু মুহূর্ত নজর কেড়েছে। হাইতির বিপক্ষে গোল করার পর সতীর্থ গেসিম ইয়াসিনকে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পরামর্শ দেওয়া নুসাইর মাজরাউই কিংবা নেদারল্যান্ডসের বিপক্ষে জয়সূচক পেনাল্টি করার পর মায়ের সঙ্গে আবেগঘন উদযাপনে মেতে ওঠা ইসমাইল সাইবারি— এসব দৃশ্য আবারও মনে করিয়ে দিয়েছে ২০২২ সালের সেই আবেগঘন মরক্কোকে।

অভিজ্ঞ গোলরক্ষক ইয়াসিন বুনোও টাইব্রেকারে নিজের স্বভাবসুলভ দৃঢ়তা দেখিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

দল বদলেছে, কোচ বদলেছে, কৌশলও বদলেছে। তবে মরক্কোর স্বপ্ন বদলায়নি। টানা দ্বিতীয় বিশ্বকাপে ইতিহাস গড়ে এবারও শেষ পর্যন্ত যাওয়ার লক্ষ্য নিয়েই এগোচ্ছে আফ্রিকা ও আরব বিশ্বের অন্যতম সফল এই দল।

/এনএ 

Logo