উইম্বলডন টেনিস
ফিলিস্তিনি প্রতীকে নিষেধাজ্ঞা, র্যাকেটে তরমুজের চিহ্ন এঁকে প্রতিবাদ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১২:০৮ পিএম
উইম্বলডনে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করতে গিয়ে ব্যাজ পরার অনুমতি পাননি তুরস্কের টেনিস খেলোয়াড় জেইনেপ সনমেজ। এরপর বিকল্প হিসেবে র্যাকেটে তরমুজ আকৃতির ভাইব্রেশন ড্যাম্পেনার ব্যবহার করে কোর্টে নামেন তিনি।
বৃহস্পতিবার (২ জুলাই) উইম্বলডনের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায়ের পর তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুকে দেওয়া সাক্ষাৎকারে সনমেজ জানান, ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে একটি ব্যাজ তিনি আগে বিভিন্ন টুর্নামেন্টে ব্যবহার করলেও উইম্বলডন কর্তৃপক্ষ এবার তা নিষিদ্ধ করেছে।
সনমেজ বলেন, আমি আগে একটি ব্যাজ পরতাম। এখন টুর্নামেন্টগুলোর কর্তৃপক্ষ সেটি পরতে দিচ্ছে না। এ বিষয়ে আয়োজকদের সঙ্গে আমাদের আলোচনা হয়েছিল। আমি জানতে চেয়েছিলাম, ইউক্রেনের পতাকা অনুমোদিত হলে ফিলিস্তিনের প্রতীক কেন নয়?
তিনি বলেন, শেষ পর্যন্ত তারা স্পষ্ট জানিয়ে দেয়, ব্যাজ পরার অনুমতি দেওয়া হবে না। তবে র্যাকেটে ভাইব্রেশন ড্যাম্পেনার ব্যবহার করতে পারি, এতে তাদের আপত্তি নেই। তাই আমি র্যাকেটে তরমুজের প্রতীক ব্যবহার করেছি।
ফিলিস্তিনের পতাকার লাল, সবুজ, সাদা ও কালো— এই চারটি রঙই তরমুজে থাকায় এটি দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের প্রতি সংহতি ও ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
উইম্বলডনে নারী এককের দ্বিতীয় রাউন্ডে যুক্তরাষ্ট্রের ক্লেয়ার লিউয়ের কাছে ৭-৫, ৬-৩ সেটে হেরে বিদায় নেন সনমেজ। নারী একক থেকে বিদায় নিলেও ডাবলস প্রতিযোগিতায় এখনও লড়াই চালিয়ে যাচ্ছেন তুরস্কের এই টেনিস খেলোয়াড়।