মেসির দুর্দান্ত গোলে কেপ ভার্দের বিপক্ষে লিড নিয়ে বিরতিতে আর্জেন্টিনা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৪:৪৬ এএম
বিশ্বকাপের রাউন্ড অব ৩২'র ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে রয়েছে আর্জেন্টিনা। দলের হয়ে স্কোর শিটে নাম লিখিয়েছেন মেসি। চলতি বিশ্বকাপে এটি মেসির সপ্তম গোল।
শুক্রবার (৪ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৪টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে মুখোমুখি হয় দু'দল।
ম্যাচের শুরু থেকেই বল দখল ও আক্রমণে এগিয়ে থাকে আর্জেন্টিনা। তবে লক্ষ্যভেদ করতে ব্যর্থ হয় তারা। প্রথমার্ধের হাইড্রেশন ব্রেকের আগ পর্যন্ত একাধিক সুযোগ তৈরি হলেও তা পূর্ণতা পায়নি।
ম্যাচের ২৯তম মিনিটে ডেডলক ভাঙেন লিও। রক্ষণভাগ থেকে নিখুঁত এক লম্বা পাস বাড়ান লিসান্দ্রো মার্টিনেস। বলটি গিয়ে পড়ে লিওনেল মেসির দৌড়ের পথে, আর ততক্ষণে তিনি ডিফেন্ডারের থেকে অর্ধ গজ এগিয়ে। বলে প্রথম স্পর্শেই বলকে দারুণভাবে নিয়ন্ত্রণে আনেন মেসি। এরপর দ্বিতীয় ছোঁয়ায় গোলরক্ষক ভোজিনহাকে পরাস্ত করে লক্ষ্যভেদ করেন।
এই ম্যাচে মাঠে নামার মাধ্যমে আরও একটি কীর্তি গড়েছেন মেসি। একমাত্র ফুটবলার হিসেবে ফিফা বিশ্বকাপে ৩০ ম্যাচ খেলার রেকর্ড এখন তার। চলতি বিশ্বকাপেই জার্মানির লোথার ম্যাথিউসকে (২৫) টপকে বিশ্বকাপে সর্বাধিক ম্যাচ খেলার কীর্তি গড়েছিলেন মেসি। এবার সেই কীর্তিকে আরও পোক্ত করলেন তিনি।
/এমএইচআর