মেসির ‘ঘরে ফেরা’ ঘিরে মায়ামিতে আর্জেন্টাইন সমর্থকদের উৎসব
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৬:৫৩ পিএম
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামি শহরটি বিশ্ব ফুটবলের বর্তমান মহাতারকা লিওনেল মেসির ‘দ্বিতীয় বাড়ি’ হিসেবে পরিচিত। খেলেন এখানকার ক্লাব ইন্টার মায়ামিতে। আবার শহরের ফোর্ট লডারডেল এলাকার অভিজাত ‘বে কলোনি’ তে রয়েছে তার বিলাসবহুল বাড়িও।
আবার এই শহরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপের রাউন্ড অব থার্টি টু-এর কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ। তাইতো মেসির আগমন ঘিরে ম্যাচের একদিন আগে থেকেই মায়ামিতে উৎসবের আমেজ ছড়িয়ে দিয়েছেন আর্জেন্টিনার সমর্থকেরা।
মায়ামি বিচের ‘লিটল বুয়েনস আইরেস’ নামে পরিচিত এলাকায় জড়ো হন হাজারো আর্জেন্টাইন সমর্থক। ঢাকের তালে গান, নাচ, পতাকা আর প্রিয় তারকাদের ছবি সম্বলিত ব্যানারে, পুরো এলাকা মুখর করে তোলে আকাশি-সাদা সমর্থকরা। শিশু থেকে শুরু করে সত্তরোর্ধ্ব বৃদ্ধ, তাদের উপস্থিতি মায়ামিকে করে তোলে ছোট্ট এক আর্জেন্টিনা।
শনিবার (৪ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৪টায় মায়ামি স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ বিশ্বকাপের চমক কেপ ভার্দে। প্রথমবারের মতো বিশ্বকাপে খেলেই নকআউট পর্বে জায়গা করে নেওয়া আফ্রিকার ছোট দ্বীপরাষ্ট্রটির রূপকথার যাত্রা নিরপেক্ষ সমর্থকদের মন জয় করলেও, আর্জেন্টাইন ভক্তদের কাছে একমাত্র লক্ষ্য নিজেদের দলের জয়।
দলটির সমর্থক আদ্রিয়ান এলিসোন্দো বলেন, এটি মেসির শেষ বিশ্বকাপ। তিনি সর্বকালের সেরা ফুটবলার। আরেকটি বিশ্বকাপ জিতেই তার বিদায় নেওয়া উচিত।
তবে তার মতে, আর্জেন্টিনার সাফল্য শুধু মেসিনির্ভর নয়। বলেন, আমাদের দারুণ খেলোয়াড়, অসাধারণ কোচ এবং হাজার হাজার নিবেদিতপ্রাণ সমর্থক আছে। এই সমর্থনই পার্থক্য গড়ে দেয়।
মায়ামির নর্থ বিচ এলাকায় কয়েক দশক ধরে গড়ে ওঠা আর্জেন্টাইন রেস্তোরাঁ ও ক্যাফেগুলোকে ঘিরে দিনভর চলে উৎসব। কোথাও আর্জেন্টিনার জনপ্রিয় ফুটবল সংগীত 'মুচাচোস' কিংবা কোথাও নাচ-গান আর উল্লাসে মুখর ছিলেন সমর্থকেরা।

রোজারিও থেকে আসা সমর্থক হোর্হে মার্টিনেল্লি জানান, মেসি ও প্রয়াত কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মধ্যে একটি বিশেষ যোগসূত্র রয়েছে। মেসির জন্ম রোজারিওতে, নিউ ওয়েলস ওল্ড বয়েজের অ্যাকাডেমিতেই তার ফুটবলের শুরু। আর ১৯৯৩ সালে ম্যারাডোনাও এই ক্লাবে খেলেছিলেন।
হাসতে হাসতে তিনি আরও বলেন, আমাদের অনেকের বিশ্বাস, স্বর্গ থেকে ম্যারাডোনাই এই দলকে পথ দেখাচ্ছেন।
মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের কথা ভাবতেও নারাজ এই সমর্থক। তার ভাষায়, মেসি চলে গেলে জাতীয় দলে বড় শূন্যতা তৈরি হবে, ঠিক যেমনটা হয়েছিল ম্যারাডোনার বিদায়ের পর।
তবে আপাতত তাদের সব মনোযোগ কেপ ভার্দের বিপক্ষে ম্যাচে। সমর্থকদের বিশ্বাস, মেসির নেতৃত্বে আর্জেন্টিনা এমন এক কীর্তি গড়তে পারে, যা ম্যারাডোনাও পারেননি— বিশ্বকাপের শিরোপা সফলভাবে ধরে রাখা।
(সূত্র: আল জাজিরা)
/এনএ