কেপ ভার্দের বিপক্ষে নামবে পূর্ণশক্তির আর্জেন্টিনা, সম্ভাব্য একাদশে ফিরছেন মেসি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৫:৪২ পিএম
২০২৬ ফিফা বিশ্বকাপের 'রাউন্ড অব থার্টি টু'-এ কেপ ভার্দের বিপক্ষে পূর্ণশক্তির দল নিয়েই মাঠে নামতে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে একাধিক পরিবর্তন আনলেও, এবার নিজেদের সেরা একাদশেই ফিরছেন কোচ লিওনেল স্কালোনি।
শনিবার (৪ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৪টায় যুক্তরাষ্ট্রের মায়ামিতে নবাগত কেপ ভার্দের মুখোমুখি হবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
এর আগে, জর্ডানের বিপক্ষে ৩-১ গোলের জয়ের ম্যাচে প্রথমার্ধে বিশ্রাম দেওয়া হয়েছিল অধিনায়ক লিওনেল মেসিকে। তার জায়গায় আক্রমণভাগে খেলেন হুলিয়ান আলভারেজ। এছাড়া রদ্রিগো ডি পল, থিয়াগো আলমাদা, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, নাহুয়েল মোলিনা, ফাকুন্দো মেদিনাসহ নিয়মিত কয়েকজন ফুটবলারকে বিশ্রামে রেখে স্কোয়াডে রদবদল করেছিলেন স্কালোনি।
তবে, নকআউট পর্বে আর কোনো পরীক্ষা-নিরীক্ষার সুযোগ নেই। তাই কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনা তাদের পরিচিত ও শক্তিশালী একাদশেই ফিরবে বলে ধারণা করা হচ্ছে।
গোলবারে থাকবেন এমিলিয়ানো মার্টিনেজ। রক্ষণভাগের ডানদিকে নাহুয়েল মোলিনা এবং বাঁদিকে ফাকুন্দো মেদিনা খেলবেন। সেন্টার-ব্যাকে জুটি গড়বেন ক্রিস্টিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্টিনেজ।
অস্ট্রিয়ার বিপক্ষে হাঁটুতে চোট পেয়ে মাঠ ছাড়ায় রোমেরোকে নিয়ে শঙ্কা থাকলেও তিনি অনুশীলনে ফিরেছেন এবং ম্যাচের জন্য প্রস্তুত বলে জানা গেছে।
মিডফিল্ডে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও এনজো ফার্নান্দেজের সঙ্গে থাকবেন রদ্রিগো ডি পল ও থিয়াগো আলমাদা।
এদিকে, আক্রমণভাগে অধিনায়ক লিওনেল মেসির ফেরাটা প্রায় নিশ্চিত। তার সঙ্গী হিসেবে এবারও লাউতারো মার্টিনেজকেই এগিয়ে রাখা হচ্ছে। জর্ডানের বিপক্ষে গোল করে নিজের দাবি আরও জোরালো করেছেন এই ইন্টার মিলান তারকা।
তবে সংবাদ সম্মেলনে মেসির পুরো ম্যাচ খেলা নিয়ে আর্জেন্টিনা কোচ স্কালোনি জানিয়েছিলেন, সবকিছু নির্ভর করবে ম্যাচের পরিস্থিতি এবং মেসির শারীরিক অবস্থার ওপর।
সম্ভাব্য আর্জেন্টিনা একাদশ (৪-৪-২):
এমিলিয়ানো মার্টিনেজ; নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, ফাকুন্দো মেদিনা; রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, থিয়াগো আলমাদা; লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ।
/এনএ