জয়ের শেষে ২১ নম্বর জার্সি পরে দিয়েগো জোতাকে স্মরণ করলেন রোনালদো
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৮:৩৮ এএম
২০২৬ ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে রাউন্ড অব ষোলোতে টিকিট কাটার পর যখন পুরো পর্তুগাল দল বাঁধভাঙা উল্লাসে মেতে ওঠার কথা, ঠিক তখনই টরন্টোর মাঠে নেমে আবেগঘন মুহূর্ত। ম্যাচ শেষের উৎসবের মাঝেই বিশ্বফুটবলের মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো হঠাৎ করেই গায়ে জড়িয়ে নিলেন একটি বিশেষ পর্তুগিজ জার্সি, যার পেছনে জ্বলজ্বল করছিল ‘২১’ নম্বর—যা ছিল তাদের প্রয়াত সতীর্থ এবং লিভারপুলের তারকা ফরোয়ার্ড দিওগো জোতার জাতীয় দলের জার্সি নম্বর।
শুক্রবার (৩ জুলাই) জোতার প্রথম মৃত্যুবার্ষিকীর এই বিশেষ দিনে সতীর্থকে হারানোর শোকে গ্যালারির হাজারো সমর্থকের সামনে সেই জার্সি উঁচিয়ে ধরে অশ্রুসিক্ত চোখে এক ট্রিব্যুট জানালেন সিআরসেভেন। রবার্তো মার্টিনেজের শিষ্যরা মাঠের লড়াইয়ে জয় পেলেও, ম্যাচ শেষে তাদের পুরো আবেগ উৎসর্গ করা হলো অকালে ঝরে যাওয়া এক ফুটবল নক্ষত্রের স্মৃতির প্রতি।
ক্রোয়েশিয়ার বিরুদ্ধে মাঠে নামার আগে থেকেই পর্তুগাল শিবিরে ছিল জোতার স্মৃতির আবহ। ম্যাচ শুরুর আগে যখন টরন্টোর স্টেডিয়ামে পর্তুগালের জাতীয় সঙ্গীত বাজছিল, তখন জায়ান্ট স্ক্রিনে ভেসে ওঠে প্রয়াত এই তারকার এক জীবন্ত ছবি। গত বছর ঠিক এই দিনেই মাত্র ২৮ বছর বয়সে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ছোট ভাই আন্দ্রে সিলভাসহ (২৫) স্পেনের সান্তান্দার শহরে প্রাণ হারিয়েছিলেন দিওগো জোতা। যুক্তরাজ্যে ফেরার পথে ঘটে যাওয়া সেই ট্র্যাজেডির এক বছর পূর্তির রাতে মাঠের লড়াইয়ে রোনালদো নিজে এবং গনসালো রামোস গোল করে দলকে ২-১ ব্যবধানের জয় এনে দেন।
ম্যাচের শেষ মুহূর্তে জোসকো গাভার্দিওলের গোলটি ভিএআর নাটকে বাতিল হলে পর্তুগিজদের জয় নিশ্চিত হয়। আর রেফারির শেষ বাঁশি বাজার পর সব উৎসব একপাশে সরিয়ে রেখে রোনালদো ও পুরো দল জোতার সেই ঐতিহাসিক ২১ নম্বর জার্সিটি দুহাতে উঁচিয়ে ধরে গ্যালারির দিকে এগিয়ে যান, যা দেখে চোখ ভেজাতে বাধ্য হয়েছেন উপস্থিত হাজারো ফুটবলপ্রেমী।
দিওগো জোতার প্রতি পর্তুগাল দলের এই টান অবশ্য নতুন কিছু নয়। চলমান ২০২৬ বিশ্বকাপের গোটা ক্যাম্পেইন জুড়েই জোতার স্মরণে বিশেষ কালো রিস্টব্যান্ড পরে মাঠে নামছেন রোনালদো-বার্নার্দো সিলভারা। এমনকি ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিরুদ্ধে পর্তুগালের উদ্বোধনী ম্যাচে গ্যালারিতে উপস্থিত ছিলেন জোতার বাবা-মা, যেখানে তাদের চোখের সামনেই জায়ান্ট স্ক্রিনে সম্মান জানানো হয়েছিল তাদের সন্তানকে।
/এএ