রোনালদো-মদ্রিচের 'বিদায়ী' দেখায় ভোরে মুখোমুখি পর্তুগাল-ক্রোয়েশিয়া
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৩:৩১ এএম
বিশ্বকাপের শেষ ষোলোয় ওঠার লড়াইয়ে শুক্রবার (৩ জুলাই) টরন্টোয় বাংলাদেশ সময় ভোর ৫টায় মাঠে নামবে পর্তুগাল ও ক্রোয়েশিয়া। যেখানে সবচেয়ে বেশি নজর থাকবে দুই দলের সবচেয়ে বড় দুই তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও লুকা মদ্রিচের ওপর। যেকোনো একজনের বাজবে বিদায় ঘণ্টা। একইদিনে আবার দিয়েগো জোতার মৃত্যুবার্ষিকী। জোতার জন্য হলেও জিততে চায় পর্তুগাল। সক্ষমতায় পিছিয়ে নেই ক্রোয়েশিয়াও।
২০০৬ বিশ্বকাপ থেকেই বিশ্বমঞ্চে খেলছেন রোনালদো-মদ্রিচ। দীর্ঘ ক্যারিয়ারে ছয় বছর একসাথে রিয়াল মাদ্রিদে খেলেছেন দুজনে। উভয়েই জিতেছেন চারটি চ্যাম্পিয়নস লিগ, লা-লিগা কিংবা অন্য শিরোপাও আছে ট্রফি ক্যাবিনেটে। দারুণ দুই বন্ধু নিজ নিজ দেশেরও সর্বকালের সেরা। কিন্তু একটা সময় সবাইকেই থামতে হয়, কেউ আগে থামে, কেউ পরে। মদ্রিচ বা রোনালদোর যেকোনো একজনকে থামতেই হচ্ছে- রাউন্ড অব থার্টি টুয়ের এই মহারণে।
পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজ বলেন, 'লাখ লাখ তরুণ ক্রীড়াবিদ এবং ফুটবলপ্রেমী তরুণ প্রজন্মের জন্য উদাহরণ লুকা মদ্রিচ। সে এবং আমাদের অধিনায়ক রোনালদো যে দীর্ঘস্থায়ীত্ব দেখিয়েছে, তা তাদেরকে এই খেলার আইকনে পরিণত করেছে।'
সিআর সেভেনের সঙ্গে একসঙ্গে খেলা ও সতীর্থ হিসেবে স্মৃতিচারণে পর্তুজিগ মিডফিল্ডার ভিতিনিয়া বলেন, 'ক্রিশ্চিয়ানোর সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগির সৌভাগ্য হয়েছে। ভালো লাগত, যদি লুকা মদ্রিচের সঙ্গে আরও সময় কাটাতে পারতাম। কিন্তু আগামীকাল দুজনের এই যাত্রার একটির সমাপ্তি ঘটতে চলেছে। আশা করি, সেটা লুকা মদ্রিচেরই হবে।'
এদিকে আবার যেদিন ম্যাচ, সেদিন দিয়েগো জোতার প্রথম মৃত্যুবার্ষিকী। ২০২৫ সালে এক সড়ক দুর্ঘটনায় মারা যান এই উইঙ্গার। বেঁচে থাকলে নিশ্চিতভাবেই এই দলে থাকতেন জোতা। এই ম্যাচটা তাই জোতার জন্যই জিততে চায় পর্তুগাল
ভিতিনিয়া বলেন, 'আমাদের মোটিভেশনের অভাব নেই। এই দিনটার একটা গুরুত্বও আছে, জোতার মৃত্যুবার্ষিকী। আমরা আমাদের পরিবার, জটার পরিবার এবং পুরো পর্তুগালের জন্য জিততে চাই।'
অপরদিকে, ক্রোয়েশিয়ার কোচ দালিচ মনে করেন, আসল লড়াইটা হবে মিডফিল্ডে। পর্তুগালের যেমন ভিতিনিয়া, ব্রুনে ফের্নান্দেস, বের্নার্দো সিলভারা আছেন- ক্রোয়েটদেরও আছে মদ্রিচ, কোভাচিচ, সুচিচের মতো মিডফিল্ডার। লড়াইটা তাই হবে কেহ কারে নাহি ছাড়ে সমানে সমান
দালিচ বলেন, 'সম্ভবত এখানেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হবে। পর্তুগাল চমৎকার টেকনিক্যাল ফুটবল খেলে, তাই আমাদের খুব সতর্ক থাকতে হবে। এই ম্যাচে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কোনো ভুল না করা, বিশেষ করে বল দখলে রাখার সময়।'
আজ রোনালদো ও মদ্রিচ দুজনই মাঠে নামলে, ৪০ বা এর বেশি বয়সী দুজন আউটফিল্ড খেলোয়াড় প্রথমবারের মতো বিশ্বকাপে মুখোমুখি হবেন।
এখন দেখার বিষয় মাঠের লড়াইয়ে ভালো পারফরম্যান্স করে শেষ ষোলোর টিকিট পায় কে? সিআর সেভেনের পর্তুগাল, নাকি লুকার ক্রোয়েশিয়া।
/এমএইচআর