বিশ্বকাপের রাউন্ড অব ৩২'র ম্যাচে ২০১০ বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের মোকাবিলা করবে অস্ট্রিয়া। বৃহস্পতিবার (২ জুলাই) দিবাগত রাত ১টায় লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে মুখোমুখি হবে দু'দল।
ফিফা র্যাঙ্কিংয়ে স্পেনের অবস্থান দ্বিতীয়, আর অস্ট্রিয়া রয়েছে ২২তম স্থানে। টুর্নামেন্টের অন্যতম ফেবারিট হিসেবে নকআউট পর্বে উঠেছে স্পেন। অন্যদিকে, ইউরোপের অন্যতম সম্ভাবনাময় আন্ডারডগ দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করছে অস্ট্রিয়া।
গ্রুপ ‘জে’তে নাটকীয় লড়াই শেষে নকআউট নিশ্চিত করে অস্ট্রিয়া। আলজেরিয়ার বিপক্ষে শেষ মুহূর্তের সমতাসূচক গোল করে তারা পরের পর্বে ওঠে। কোচ রালফ রাংনিকের আক্রমণাত্মক প্রেসিং কৌশলে দলটি গোল করলেও রক্ষণভাগের কিছু দুর্বলতা এখনো উদ্বেগের কারণ।
স্পেনের হয়ে নজর থাকবে লামিনে ইয়ামাল, পেদ্রি, মিকেল ওইয়ারসাবাল, রদ্রি ও দানি ওলমোর দিকে। অন্যদিকে অস্ট্রিয়ার ভরসা ডেভিড আলাবা, মার্সেল সাবিৎসার, মার্কো আরনাউটোভিচ, কনরাড লাইমার এবং ফিট থাকলে ক্রিস্টোফ বাউমগার্টনার।
ম্যাচের আগে অস্ট্রিয়ার কোচ রালফ রাংনিক বলেছেন, লামিনে ইয়ামালকে থামানোই তাদের প্রধান লক্ষ্য। স্পেন টানা তিন বছরেরও বেশি সময় ধরে অপরাজিত রয়েছে। তাই তরুণ এই তারকাকে খেলার সুযোগ কম দিতে পারলেই অস্ট্রিয়ার সম্ভাবনা বাড়বে বলে মনে করছেন তিনি।
এ পর্যন্ত দুই দল ১৬ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে স্পেন জিতেছে ৯টি ম্যাচ, অস্ট্রিয়া ৪টি এবং বাকি ৩টি ম্যাচ ড্র হয়েছে। বিশ্বকাপে দুই দলের একমাত্র সাক্ষাতে ১৯৭৮ সালে ২-১ গোলে জয় পেয়েছিল অস্ট্রিয়া।
/এমএইচআর