পাকিস্তানের সাথে ৫ ওয়ানডেসহ ৪টি মেগা সিরিজ খেলবে বাংলাদেশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১১:২২ এএম
ফাইল ছবি
বাংলাদেশি ক্রিকেট ভক্তদের জন্য আগামী দিনগুলোতে অপেক্ষা করছে আন্তর্জাতিক ক্রিকেটের এক ঠাসা ও জমজমাট সূচি। ২০২৬ ও ২০২৭ সালের কয়েকটি হাইভোল্টেজ দ্বিপাক্ষিক হোম সিরিজের জন্য আনুষ্ঠানিক রোডম্যাপ চূড়ান্ত করতে শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বহুল প্রতীক্ষিত বাংলাদেশ-ভারত সিরিজ ছাড়াও এই তালিকায় রয়েছে ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফর (২টি টেস্ট), ইংল্যান্ডের বাংলাদেশ সফর (২টি টেস্ট) এবং চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বাংলাদেশ সফর (৫টি ওয়ানডে)। এই মেগা ৪টি সিরিজের সম্প্রচার বা বাণিজ্যিক স্বত্ব বিক্রির উদ্দেশ্যে এরই মাঝে আনুষ্ঠানিক দরপত্র আহ্বান করে বিজ্ঞপ্তি জারি করেছে বিসিবি।
বৃহস্পতিবার (২ জুলাই) থেকে মিরপুর বিসিবি কার্যালয়ে আগ্রহপত্রের বিস্তারিত নথি পাওয়া যাচ্ছে এবং আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে আগামী ২২ জুলাইয়ের মধ্যে তাদের চূড়ান্ত প্রস্তাব জমা দিতে বলা হয়েছে।
বিসিবির খসড়া সূচি অনুযায়ী, ভারত ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজ দুটি মাঠে গড়াবে চলতি বছরের শেষদিকে। আর বিশ্ব ক্রিকেটের অন্যতম দুই পরাশক্তি ইংল্যান্ড ও পাকিস্তানের বাংলাদেশ সফরটি অনুষ্ঠিত হবে আগামী বছর।
বিশেষ করে, গত কয়েক বছরে বাংলাদেশ ও পাকিস্তানের মাঠের লড়াই যে ভিন্ন মাত্রা পেয়েছে, তাতে আগামী বছরের ৫ ম্যাচের ওয়ানডে সিরিজটি নিয়ে এখনই সমর্থকদের মাঝে চড়ছে উত্তেজনার পারদ। সীমিত ওভারের ক্রিকেটের পাশাপাশি সাম্প্রতিক সময়ে টেস্টেও পাকিস্তানকে হারানোর গৌরব অর্জন করেছে টাইগাররা।
ঐতিহাসিক পরিসংখ্যান অবশ্য পাকিস্তানের পক্ষে কথা বলছে। ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত এই দুই দল মোট ৪২ বার পরস্পরের মুখোমুখি হয়েছে, যার মধ্যে ৩৫টি ম্যাচেই জিতেছে পাকিস্তান। তবে বাংলাদেশ যে ৭টি ম্যাচে জয়ের দেখা পেয়েছে, তার বেশিরভাগই এসেছে সাম্প্রতিক সময়ে ধারাবাহিক ও আগ্রাসী ক্রিকেট খেলার মাধ্যমে। ঘরের মাঠে বাঘে-সিংহে লড়াইয়ের এই চেনা আবহ ধরে রেখে, পাকিস্তানের বিরুদ্ধে ওয়ানডে জয়ের ব্যবধান আরও বাড়িয়ে নেওয়ার লক্ষ্য থাকবে শান্ত-লিটনদের।
/এএ