×
Logo

খেলাধুলা

বিশ্বকাপে ব্রাজিলের বড় প্রতিপক্ষ হয়ে উঠছে ইনজুরি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৬:৩৬ এএম

বিশ্বকাপে ব্রাজিলের বড় প্রতিপক্ষ হয়ে উঠছে  ইনজুরি

ছবি: সংগৃহীত

চলমান বিশ্বকাপে ব্রাজিলের বড় প্রতিপক্ষ হয়ে উঠছে ইনজুরি। একটা করে পর্ব শেষ হচ্ছে, আর একজন একজন করে ছিটকে যাচ্ছেন চোটের কবলে পড়ে। দীর্ঘ এই ইনজুরির মিছিলে সবশেষ নাম লুকাস পাকেতা। চোটের কারনে বিশ্বকাপটাই শেষ হতে বসেছে এই সেলেসাও তারকার। আর ব্রাজিলের মিডফিল্ডে তৈরি হয়েছে বড় শূন্যতা। কৌশলে পরিবর্তন আনতে বাধ্য হচ্ছেন কোচ কার্লো আনচেলত্তি।

এর শুরুটা হয়েছিলো বিশ্বকাপের আগে। চোটের কারণে সেলেসাও স্কোয়াড থেকে ছিটকে যেতে হয় রিয়াল মাদ্রিদ তারকা রদ্রিগোকে। সেই হতাশা কাটতে না কাটতেই আসে তারচেয়েও খারাপ সংবাদ। আসর শুরুর আগে কাফ মাসলের ইনজুরিতে পড়েন দেশটির সর্বোচ্চ গোলদাতা ও সেরা তারকা নেইমার।

তবে দলের সঙ্গে থেকে নামেন নিজেকে ফিট করার লড়াইয়ে। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ মরক্কো ও হাইতির বিপক্ষে ছিলেন দর্শক হয়ে। তবে সমর্থকদের স্বস্তি দিয়ে বিশ্বকাপে নামেন গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে।

নেইমারের ফেরার ম্যাচেই আসে নতুন ইনজুরির খবর।আত্মবিশ্বাস ফিরে পাওয়ার ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোট ছিটকে দেয় বার্সেলোনা তারকা রাফিনিয়াকে। দলের মেডিক্যাল টিমের অধীনে চলছে ফিট হওয়ার লড়াই।

ব্রাজিলের মনোবল ভেঙে দেয়ার সবচেয়ে বড় খবরটি আসে নিঃসন্দেহে নকআউটে জাপানের বিপক্ষে ম্যাচে। স্বস্তির জয়ে রাউন্ড অব সিক্সটিনে পা রাখলেও ইনজুরি কেড়ে নিয়েছে লুকাস পাকেতাকে। যা বড় শূন্যতা তৈরি করেছে সেলেসাওদের মিডফিল্ডে।

উল্লেখ্য, আগামী রোববার (৬ জুলাই) দিবাগত রাত ২টায় শেষ ষোলোর ম্যাচে নরওয়ের বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

/এমএইচআর

Logo