অবিশ্বাস্য কামব্যাকে সেনেগাল বধ বেলজিয়ামের, শেষ ষোলোয় লুকাকু-কোর্তোয়ারা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৪:৫০ এএম
২-০তে লিড নেওয়ার পরও ৩-২ ব্যবধানে ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে বিদায়— সেনেগালের ক্ষেত্রে যতটা দুর্ভাগ্য প্রকাশ পায় এই লাইনে; একই ঘটনায় তার চেয়ে হাজারগুণ নাটকীয় অবিশ্বাস্য ঘুরে দাঁড়ানোর কীর্তি শোনায় বেলজিয়াম।
বুধবার (১ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় সিয়াটলের লুমেন ফিল্ডে শুরু হওয়া ম্যাচটি যেন এবারের বিশ্বকাপের অন্যতম সেরা সাসপেন্স ও ক্লাইম্যাক্সের পসরা নিয়ে বসেছিল।
ম্যাচের নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে মাত্র ৩ মিনিটের ব্যবধানে ২ গোল শোধ করে বেলজিয়াম। ২-০ ব্যবধানকে চোখের নিমেষেই দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটিয়ে ২-২ সমতার স্কোরে নিয়ে আসে। সেখান থেকে ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ানো এবং অতিরিক্ত সময়ের শেষ মিনিটে গোল করে ম্যাচ জেতা, বেলজিয়াম যেন রূপকথাকে সবুজ গালিচায় রঙ দিয়ে এঁকে দিলো এই ম্যাচে।
এদিন শুরু থেকেই আক্রমণ ও বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল সেনেগাল। ১৩তম মিনিটে ইসমাইলা সারের চেষ্টা ভেস্তে দেন বেলজিয়াম গোলকিপার থিবো কোর্তোয়া।
তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি আফ্রিকার দলটির। ২৫তম মিনিটে বাঁ দিক থেকে দুর্দান্ত এক বাঁকানো ক্রস বাড়ান সাদিও মানে। সেই বলে ইসমাইলা সারের হালকা ছোঁয়ায় নেওয়া হেড বেলজিয়ামের গোলরক্ষক থিবো কোর্তোয়াকে পরাস্ত করলেও পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি বলে দ্বিতীয় সুযোগ আর হাতছাড়া করেনি হাবিব। সরাসরি লক্ষ্যভেদে বল জালে পাঠিয়ে দিলে কাঙ্ক্ষিত লিড পায় সেনেগাল। সেই লিড নিয়েই বিরতিতে যায় আফ্রিকার দলটি।
বিরতির পর ব্যবধান দ্বিগুণ করেন ইসমাইলা সার। দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে নিয়াখাতের লম্বা পাস বুক দিয়ে নিয়ন্ত্রণে নিয়ে দুর্দান্ত হাফ-ভলিতে লক্ষ্যভেদ করেন তিনি।
ম্যাচের নির্ধারিত সময়ের বাকি যখন ৪ মিনিট। তখন ৮৬ থেকে ৮৯, এই ৩ মিনিটে বেলজিয়ামের হয়ে দুইটি গোল শোধ করেন যথাক্রমে রোমেলু লুকাকু ও ইউরি টিলেমান্স।
এতে নির্ধারিত ৯০ মিনিট শেষে স্কোরলাইন ২-২ থাকায় ম্যাচের ভাগ্য নির্ধারণে যোগ করা হয় অতিরিক্ত ৩০ মিনিট। অতিরিক্ত সময়েও ম্যাচটি ছিল সমতায়। একপর্যায়ে মনে হচ্ছিল টাইব্রেকারেই হয়তো নির্ধারিত হতে যাচ্ছে ম্যাচের ভাগ্য। কিন্তু এরপর আবার চমক। ম্যাচের একেবারের শেষ মুহূর্তে পেনাল্টি পায় বেলজিয়াম।
বক্সের ভেতর বেলজিয়ান তারকা ইউরি টিলেমান্স ফাউলের শিকার হওয়ায় এই পেনাল্টি পায় তারা। আর এই সুযোগ পুরোপুরি কাজে লাগিয়ে ১২৫তম মিনিটে স্কোর করেন ইউরি টিলেমান্স। এরপর ম্যাচে ফেরার আর কোনো সুযোগ পায়নি সেনেগাল। ৩-২ ব্যবধানে জিতে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করে লুকাকুরা।
আগামী মঙ্গলবার (৭ জুলাই) শেষ ষোলোতে যুক্তরাষ্ট্র-বসনিয়া ম্যাচের জয়ী দলের বিপক্ষে মাঠে নামবে বেলজিয়াম। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৬টায়
/এমএইচআর