×
Logo

খেলাধুলা

তিন মিনিটে দুই গোল, লুকাকুদের নাটকীয় প্রত্যাবর্তনে অতিরিক্ত সময়ে বেলজিয়াম–সেনেগাল ম্যাচ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৪:১৮ এএম

তিন মিনিটে দুই গোল, লুকাকুদের নাটকীয় প্রত্যাবর্তনে অতিরিক্ত সময়ে বেলজিয়াম–সেনেগাল ম্যাচ

ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ অবিশ্বাস্য নাটকীয়তার উপলক্ষ এসে হাজির হলো বেলজিয়াম-সেনেগাল ম্যাচে। ২-০ গোলে পিছিয়ে থাকা বেলজিয়াম শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তন করে ২-২ সমতা ফেরায়, তাও মাত্র ৩ মিনিটের ব্যবধানে। এতে নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলই জয় নিশ্চিত করতে না পারায় ম্যাচ গড়িয়েছে অতিরিক্ত সময়ে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণ ও বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল সেনেগাল। ১৩তম মিনিটে ইসমাইলা সারের চেষ্টা ভেস্তে দেন বেলজিয়াম গোলকিপার থিবো কোর্তোয়া।

তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি আফ্রিকার দলটির। ২৫তম মিনিটে বাঁ দিক থেকে দুর্দান্ত এক বাঁকানো ক্রস বাড়ান সাদিও মানে। সেই বলে ইসমাইলা সারের হালকা ছোঁয়ায় নেওয়া হেড বেলজিয়ামের গোলরক্ষক থিবো কোর্তোয়াকে পরাস্ত করলেও পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি বলে দ্বিতীয় সুযোগ আর হাতছাড়া করেনি হাবিব। সরাসরি লক্ষ্যভেদে বল জালে পাঠিয়ে দিলে কাঙ্ক্ষিত লিড পায় সেনেগাল। সেই লিড নিয়েই বিরতিতে যায় আফ্রিকার দলটি।

বিরতির পর ব্যবধান দ্বিগুণ করেন ইসমাইলা সার। দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে নিয়াখাতের লম্বা পাস বুক দিয়ে নিয়ন্ত্রণে নিয়ে দুর্দান্ত হাফ-ভলিতে লক্ষ্যভেদ করেন তিনি।

ম্যাচের নির্ধারিত সময়ের বাকি যখন ৪ মিনিট। তখন ৮৬ থেকে ৮৯, এই ৩ মিনিটে বেলজিয়ামের হয়ে দুইটি গোল শোধ করেন যথাক্রমে রোমেলু লুকাকু ও ইউরি টিলেমান্স।

এতে নির্ধারিত ৯০ মিনিট শেষে স্কোরলাইন ২-২ থাকায় ম্যাচের ভাগ্য নির্ধারণে যোগ করা হয়েছে অতিরিক্ত ৩০ মিনিট। এরপরেও স্কোর লাইনে ফলাফল 'ড্র' থাকলে ম্যাচ গড়াবে টাইব্রেকারে।

/এমএইচআর

Logo