মেসি নয় ওতামেন্দির জার্সি নিতে চাই : লোপেস কাবরাল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৯:২১ পিএম
বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ, অথচ শেষ বাঁশি বাজার পর লিওনেল মেসির জার্সি না বরং নিতে চাইছেন ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দির জার্সি এমনটাই জানিয়েছেন কেপ ভার্দের তরুণ ডিফেন্ডার লোপেস কাবরাল। আর্জেন্টিনার বিপক্ষে শেষ ৩২-এর হাইভোল্টেজ লড়াইয়ে নামার আগে তিনি পরিষ্কার জানিয়ে দিলেন, মহামূল্যবান সেই ‘১০ নম্বর’ জার্সি নয়, ম্যাচ শেষে তার একমাত্র চাওয়া আর্জেন্টিনার অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দির জার্সি। ২৩ বছর বয়সী এই ফুলব্যাকের এমন অদ্ভুত চাওয়ার পেছনে অবশ্য লুকিয়ে আছে এক গভীর আবেগ ও ক্লাব বন্ধুত্বের দারুণ গল্প।
গত মৌসুমে পর্তুগালের ক্লাব বেনফিকায় ওতামেন্দির কাঁধে কাঁধ মিলিয়ে রক্ষণভাগ সামলেছেন কাবরাল। বিশ্বকাপের ঠিক আগেই তিনি নাম লিখিয়েছেন তুরস্কের ক্লাব ত্রাবজোন্সপোরে। অন্যদিকে বেনফিকা ছেড়েছেন ওতামেন্দিও। অভিজ্ঞ এই আর্জেন্টাইন ডিফেন্ডার এখনো নতুন কোনো ক্লাবে যোগ না দিলেও ফুটবল পাড়ায় জোর গুঞ্জন রয়েছে, তার পরের গন্তব্য আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব রিভার প্লেট।
স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘এএস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে কাবরালের কাছে যখন জানতে চাওয়া হয়েছিল, আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ শেষে তিনি মেসির জার্সিটি চেয়ে নেবেন কি না, প্রশ্নটা শুনেই হেসে কাবরাল বলেন, ‘মেসি? না, না। আমি জার্সি বদল করব ওতামেন্দির সঙ্গে। এই মৌসুমের আগ পর্যন্ত তিনি আমার সতীর্থ ছিলেন।’
মাঠের লড়াইয়ে ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার মেসির মুখোমুখি হতে মুখিয়ে আছেন কাবরাল। ফুটবলের জাদুকরকে নিয়ে তার মনে শ্রদ্ধার কমতি নেই একটুও। কাবরাল বললেন, ‘খেলোয়াড়দের জন্য মেসির বিপক্ষে খেলাটা দারুণ সম্মানের। তিনি সর্বকালের সেরা। তবে মাঠের লড়াইয়ে আমরা নিজেদের খেলা নিয়েই ভাবছি। কীভাবে ম্যাচটা খেলব, আমাদের পুরো মনোযোগ এখন সেখানেই।’
বাংলাদেশ সময় আগামী শনিবার শেষ ৩২-এ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে এবারের আসরের সবচেয়ে বড় চমক কেপ ভার্দে। ইতিহাসে প্রথমবারের মতো এবারই বিশ্বকাপ খেলছে আফ্রিকার এই ছোট দেশ। স্পেন, উরুগুয়ে আর সৌদি আরবের মতো কঠিন গ্রুপে পড়েও তারা কিন্তু মচকায়নি; বরং কোনো ম্যাচ না হেরে, তিন তিনটি ড্র নিয়ে রাজকীয়ভাবে নাম লিখিয়েছে নকআউটে।
/এএ