×
Logo

খেলাধুলা

মেসির সঙ্গী কে? আলভারেজ নাকি লাউতারো?

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৬:৪৩ পিএম

মেসির সঙ্গী কে? আলভারেজ নাকি লাউতারো?

বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ শুক্রবার সন্ধ্যা ৭টায় কেপ ভার্দের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচের আগে সবচেয়ে বড় আলোচনার বিষয়, লিওনেল মেসির সঙ্গে আক্রমণভাগে শুরু করবেন কে? হুলিয়ান আলভারেজ নাকি লাউতারো মার্তিনেজ।

বিশ্বকাপ শুরুর আগে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির পরিকল্পনা ছিল, নকআউট পর্বে মেসির পাশে খেলবেন আলভারেজ। ২০২২ কাতার বিশ্বকাপেও একই ঘটনা ঘটেছিল। সে সময় গ্রুপ পর্বের পর মার্তিনেজ শুরুর একাদশ থেকে বাদ পড়েন এবং আলভারেজ দুর্দান্ত পারফরম্যান্সে নিজের জায়গা পাকা করে নেন।

কোচিং স্টাফ সেই কৌশলটিই পুনরাবৃত্তি করার পরিকল্পনা করেছিল বা এখনও করছে। আলভারেজের গতি, নিরলস পরিশ্রম এবং প্রতিপক্ষকে চাপে রাখার সামর্থ্য আর্জেন্টিনার খেলার ধরনে বাড়তি সুবিধা দেয়, যা তাকে লাউতারোর চেয়ে অনেকটাই এগিয়েও রাখে। অন্যদিকে লাউতারো একজন স্বাভাবিক গোলশিকারি, যিনি বক্সের ভেতরে বেশি কার্যকর। কিন্তু প্রতিপক্ষের কাছে সবচেয়ে টার্গেটেডও থাকে সে। 

তবে এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন। বিশ্বকাপের আগে বাম গোড়ালির চোটে ভুগেছেন আলভারেজ। এ কারণে তিনি প্রস্তুতি ম্যাচ ও কয়েকটি অনুশীলন মিস করেন। যদিও এখন পর্যন্ত টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে খেলে কোনো গোলের দেখা পাননি।

 অন্যদিকে লাউতারো জর্ডান ম্যাচে পেনাল্টি থেকে গোল করেছেন এবং মাঠে তাকে বেশ আত্মবিশ্বাসীও দেখা গেছে। ফলে মেসির পাশে কাকে খেলাবেন, তা নিয়ে নতুন করে ভাবতেই হচ্ছে স্কালোনিকে।

এই দুই স্ট্রাইকারকে নিয়ে স্কালোনি বলেন, গোল সবসময় গুরুত্বপূর্ণ। তবে তারা দুজনই দলের জন্য দারুণ কাজ করছে। লাউতারো সবসময়ই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। হুলিয়ানকেও খেলার সুযোগ দিতে আমি দুজনকে একসঙ্গে খেলিয়েছি। তাদের পারফরম্যান্সে আমরা সন্তুষ্ট।

এখন পর্যন্ত আলভারেজ কিংবা লাউতারো, কেউই এমন পারফরম্যান্স দেখাতে পারেননি যা একজনকে অন্যজনের থেকে স্পষ্টভাবে এগিয়ে রাখে। তাই কেপ ভার্দের বিপক্ষে ম্যাচের আগে রুদ্ধদ্বার অনুশীলনেই হয়তো শুরুর একাদশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন স্কালোনি।

/এমএসটি

Logo