প্রথমার্ধ শেষে সুইডেনের বিপক্ষে ১–০ গোলে এগিয়ে ফ্রান্স
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৪:০৮ এএম
২০২৬ ফিফা বিশ্বকাপের ‘রাউন্ড অব ৩২’-এর মেগা ম্যাচে সুইডেনের বিপক্ষে প্রথমার্ধের চরম নাটকীয়তা ও দুর্ভাগ্য পেছনে ফেলে ১-০ গোলের লিড নিয়ে মাঠ ছেড়েছে ফ্রান্স। বুধবার (১ জুলাই) প্রথমার্ধের পুরোটা সময় ফরাসিদের একের পর এক অবিশ্বাস্য আক্রমণ আর ভাগ্যদেবীর লুকোচুরির পর ৪৫তম মিনিটে এসে কাঙ্ক্ষিত ব্রেক-থ্রু এনে দেন রিয়াল মাদ্রিদ সুপারস্টার কিলিয়ান এমবাপ্পে। উসমান দেম্বেলের পাস থেকে নেওয়া এক জোরালো শটে সুইডিশ দেয়াল ভাঙেন তিনি। চলতি বিশ্বকাপে এটি এমবাপ্পের ৫ম এবং সব মিলিয়ে বিশ্বকাপ ইতিহাসের সুদীর্ঘ পাতায় তার ১৭তম আন্তর্জাতিক গোল, যা তাকে কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার সর্বকালীন রেকর্ডের আরও কাছে নিয়ে গেল।
ম্যাচের প্রথমার্ধটি ছিল ফরাসিদের গোলবঞ্চনা আর আক্ষেপের এক চরম প্রদর্শনী। ২০তম মিনিটে বল জালে জড়িয়েই উল্লাসে মেতেছিলেন এমবাপ্পে, কিন্তু লাইন্সম্যানের অফসাইডের পতাকায় সেই আনন্দ মাটি হয়। এরপর ৩২তম মিনিটে মাইকেল ওলিসের পাস থেকে নেওয়া এমবাপ্পের আরেকটি নিশ্চিত গোলার মতো শট সাইড পোস্টে লেগে ফিরে আসলে হতাশায় ডোবে ফরাসি শিবির।
দুর্ভাগ্যের এখানেই শেষ ছিল না; ৩৬তম মিনিটে স্টেডিয়ামের দর্শকদের আসন থেকে দাঁড়াতে বাধ্য করেন মাইকেল ওলিসে। বক্সের কিনারা থেকে তার এক দুঃসাহসী ও অবিশ্বাস্য বাইসাইকেল কিক সবাইকে পরাস্ত করলেও দুর্ভাগ্যবশত তা আবার পোস্টে লেগে ফিরে আসে। সেই ফিরতি বলে উসমান দেম্বেলের নেওয়া শটটিও অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে চলে যায়। তবে প্রথমার্ধের একদম শেষ মিনিটে আর কোনো ভুল হতে দেননি দেম্বেলে-এমবাপ্পে জুটি। দেম্বেলের চমৎকার অ্যাসিস্ট থেকে বল পেয়ে জালের ঠিকানা খুঁজে নেন ফরাসি অধিনায়ক।
/এএ