জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ব্যবধানে বাংলাদেশের হার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৯:১৯ পিএম
২৫ বছর পর টেস্টে ইনিংস ব্যাবধানে জিম্বাবুয়ের কাছে হেরেছে বাংলাদেশ। ২৭০ রানে পিছিয়ে থেকে গতকাল সোমবার দিনের শেষ ভাগে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করেছিল বাংলাদেশ। সেই সময়ে ৯ ওভার ব্যাট করে ৪০ রান করে, আর হারায় ওপেনার সাদমান ইসলামকে।
এই স্কোর নিয়ে আজ তৃতীয় দিনের খেলা শুরু করে দুই সেশনও টিকতে পারেনি টাইগাররা। শেষ পর্যন্ত ১৮৫ রানে অলআউট হয় তারা। ফলে ইনিংস এবং ৮৫ রানের ব্যবধানে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল।
দুই দলের প্রথম ইনিংসের শুরুটাই আসলে ব্যবধান গড়ে দিয়েছে ম্যাচে। আগে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ১৪০ রানে অলআউট হয় বাংলাদেশ। আর জিম্বাবুয়ে একমাত্র ইনিংসে ৪১০ রান করে ফেলে। এরপর দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ অলআউট ১৮৫ রানে।
উল্লেখ্য, ২০০১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ প্রথম টেস্ট খেলে। সেই টেস্টে টাইগাররা ইনিংস ব্যবধানে হেরেছিল। পরের ২৫ বছরে দুই দল আরও ২০ টেস্ট খেলে, যেখানে বাংলাদেশ সাত ম্যাচে হারলেও সেগুলো ইনিংস ব্যাবধানে ছিল না।
/এমএন