×
Logo

খেলাধুলা

শেষ ষোলোর টিকিটের লড়াইয়ে মুখোমুখি নরওয়ে-আইভরি কোস্ট

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৫:৫০ পিএম

শেষ ষোলোর টিকিটের লড়াইয়ে মুখোমুখি নরওয়ে-আইভরি কোস্ট

প্রতীকী ছবি

ফিফা বিশ্বকাপের শেষ ষোলোতে জায়গা নিশ্চিত করার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে নরওয়ে ও আইভরি কোস্ট। এদিকে, প্রথমবারের মতো আইভরি কোস্ট বিশ্বকাপের নকআউট পর্বে খেলতে নামছে এবং সুপারস্টার স্ট্রাইকার আর্লিং হালান্ডকে সামনে রেখে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার লক্ষ্য নরওয়ের।

মঙ্গলবার (৩০ জুন) বাংলাদেশ সময় সকাল ১১টায় নিউ ইয়র্ক/নিউ জার্সি স্টেডিয়ামে মুখোমুখি হবে দল দুটি।

গ্রুপ পর্বে ৬ পয়েন্ট নিয়ে নিজেদের গ্রুপে দ্বিতীয় হয়ে নকআউটে জায়গা করে নেয় আইভরি কোস্ট। তারা ইকুয়েডরকে ১-০ গোলে এবং কুরাকাওকে ২-০ গোলে হারালেও জার্মানির কাছে ২-১ গোলে হেরে যায়।

অন্যদিকে, গ্রুপ ‘আই’-এ ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়ে শেষ ষোলো নিশ্চিত করে নরওয়ে। তারা ইরাককে ৪-১ এবং সেনেগালকে ৩-২ গোলে পরাজিত করে। তবে শেষ ম্যাচে ফ্রান্সের কাছে ৪-১ গোলে পরাজিত হয় নরওয়ে।

আইভরি কোস্টের অন্যতম ভরসা ১৯ বছর বয়সী উইঙ্গার ইয়ান দিওমান্দে। পুরো টুর্নামেন্টে তার সৃজনশীল পারফরম্যান্স দলের আক্রমণে নতুন মাত্রা যোগ করেছে। কোচ এমার্স ফে মনে করেন, দলের বিভিন্ন খেলোয়াড়ের গোল করার সামর্থ্যই তাদের সবচেয়ে বড় শক্তি।

এদিকে, নরওয়ের সবচেয়ে বড় অস্ত্র আর্লিং হালান্ড। ফ্রান্সের বিপক্ষে বিশ্রামে থাকলেও দুই ম্যাচে ৪ গোল করে ইতোমধ্যেই গোল্ডেন বুটের অন্যতম দাবিদার তিনি। অধিনায়ক মার্টিন ওডেগার্ডও দুটি অ্যাসিস্ট করে দারুণ ছন্দে রয়েছেন।

ম্যাচে আইভরি কোস্টের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে হালান্ডকে সামলে রাখা। সেই দায়িত্বে থাকবেন দলের সেন্টার-ব্যাক উসমান দিওমান্দে।

অপটার সুপারকম্পিউটারের পূর্বাভাস অনুযায়ী, নির্ধারিত সময়ে নরওয়ের জয়ের সম্ভাবনা ৫৬.১ শতাংশ। আইভরি কোস্টের জয়ের সম্ভাবনা ২১.৬ শতাংশ, আর ম্যাচ অতিরিক্ত সময় বা টাইব্রেকারে গড়ানোর সম্ভাবনা ২২.৩ শতাংশ।

এই ম্যাচের বিজয়ী দল কোয়ার্টার ফাইনালে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে।

/এমএসটি/এসআর 

Logo