×
Logo

খেলাধুলা

জার্মানিকে চমকে দিয়ে প্রথমার্ধে ১-০তে এগিয়ে প্যারাগুয়ে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৩:৩৭ এএম

জার্মানিকে চমকে দিয়ে প্রথমার্ধে ১-০তে এগিয়ে প্যারাগুয়ে

বিশ্বকাপের রাউন্ড অব থার্টি টু-এ চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে চমকে দিয়ে ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে প্যারাগুয়ে। পুরো ম্যাচে প্রায় ৮০ শতাংশ বলের দখল জার্মানদের থাকলেও পাল্টা আক্রমণ থেকে হুলিও এনসিসোর গোলে এগিয়ে যায় লাতিন আমেরিকার দলটি।

মঙ্গলবার (৩০ জুন) বোস্টনে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে বলের নিয়ন্ত্রণ থাকলেও আক্রমণে ধারহীন ছিল জার্মানি। তাই দ্বিতীয়ার্ধে পরিবর্তনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে জুলিয়ান নাগেলসমানের দলে। লেরয় সানের বদলে সরাসরি আক্রমণভাগে গতি আনতে জেমি লেভেলিংকে নামানোর পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। একই সঙ্গে মিডফিল্ডে শক্তি ও বক্সে উপস্থিতি বাড়াতে লিওন গোরেৎসকাও হতে পারেন কার্যকর বিকল্প।

এর আগে, ১০ জনের দল নিয়ে তুরস্ককে গোলশূন্য রেখেছিল প্যারাগুয়ে। তাই দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে হলে জার্মানিকে আরও কার্যকর ও ধারালো ফুটবল খেলতে হবে। নইলে নাগেলসমানের জন্য এটি হতে পারে দায়িত্ব নেওয়ার পর সবচেয়ে বড় হতাশার ফল।

এই ম্যাচের বিজয়ী দল কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে শেষ ষোলোয় ফিলাডেলফিয়ায় ফ্রান্স অথবা সুইডেনের মুখোমুখি হবে।

/এনএ 

Logo