×
Logo

খেলাধুলা

প্যারাগুয়ের বিপক্ষে জার্মানির একাদশে নেই মুসিয়ালা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০২:৩৫ এএম

প্যারাগুয়ের বিপক্ষে জার্মানির একাদশে নেই মুসিয়ালা

বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ প্যারাগুয়ের মুখোমুখি হচ্ছে জার্মানি। সোমবার (২৯ জুন) বোস্টনে শুরু হওয়া ম্যাচে একাদশে বড় পরিবর্তন এনেছেন প্রধান কোচ জুলিয়ান নাগেলসমান। শুরুর একাদশ থেকে বাদ পড়েছেন তারকা মিডফিল্ডার জামাল মুসিয়ালা।

গ্রুপ পর্বে কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দেওয়া এবং আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ ‘ই’-এর শীর্ষ দল হিসেবে নকআউটে ওঠে জার্মানি। শেষ ম্যাচে ইকুয়েডরের কাছে ২-১ গোলে হারলেও শেষ ষোলোর টিকিট নিশ্চিত ছিল তাদের।

প্যারাগুয়ের বিপক্ষে নাগেলসমান দুটি পরিবর্তন এনেছেন। মুসিয়ালার জায়গায় প্রথম একাদশে সুযোগ পেয়েছেন ফরোয়ার্ড ডেনিজ উন্দাভ। গ্রুপ পর্বে বদলি হিসেবে নেমে কুরাসাওয়ের বিপক্ষে এক গোল ও দুই অ্যাসিস্ট করার পর আইভরি কোস্টের বিপক্ষেও জোড়া গোল করেছিলেন তিনি, যার একটি ছিল যোগ করা সময়ের জয়সূচক গোল।

এছাড়া চোট কাটিয়ে বাঁ প্রান্তের ডিফেন্ডার নাথানিয়েল ব্রাউন ফিরেছেন একাদশে। আক্রমণের মূল দায়িত্বে থাকছেন কাই হাভার্টজ। তাকে সহায়তা করবেন লেরয় সানে, ডেনিজ উন্দাভ ও ফ্লোরিয়ান ভির্টজ। অধিনায়কের আর্মব্যান্ড থাকছে যোশুয়া কিমিখের হাতে, আর গোলবার সামলাবেন আন্তর্জাতিক ফুটবলে অবসর ভেঙে ফেরা ম্যানুয়েল নয়্যার।

প্যারাগুয়েকে হারাতে পারলে কোয়ার্টার ফাইনালে ওঠার পথে শেষ ষোলোয় সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে ২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স, যদি তারাও নিজেদের ম্যাচে সুইডেনকে হারাতে পারে।

জার্মানির একাদশ:

ম্যানুয়েল নয়্যার; যোশুয়া কিমিখ, জোনাথান তাহ, আন্তোনিও রুডিগার, নাথানিয়েল ব্রাউন; ফেলিক্স এনমেচা, আলেকসান্দার পাভলোভিচ; লেরয় সানে, ডেনিজ উন্দাভ, ফ্লোরিয়ান ভির্টজ; কাই হাভার্টজ।


Logo