শুরুর একাদশে নেইমারকে ছাড়াই জাপানের মুখোমুখি ব্রাজিল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১০:৪৪ পিএম
বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ আজ জাপানের বিপক্ষে মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। সোমবার (২৯ জুন) হিউস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরুর একাদশে নেইমারকে ছাড়াই মাঠে নামছে সেলেসাওরা।
এছাড়া ইনজুরির কারণে দলে নেই তারকা উইঙ্গার রাফিনিয়া। হ্যামস্ট্রিং চোটে পড়ায় তাকে ছাড়াই নকআউট পর্বের প্রথম ম্যাচ খেলতে হচ্ছে কার্লো আনচেলত্তির দলকে।
গ্রুপ পর্বে মরক্কোর সঙ্গে ড্রয়ের পর হাইতি ও স্কটল্যান্ডকে হারিয়ে নকআউটে উঠেছে সেলেসাওরা। তবে হাইতির বিপক্ষে ম্যাচেই চোট পান বার্সেলোনা তারকা রাফিনিয়া। তিনি দলের সঙ্গেই থেকে পুনর্বাসন চালিয়ে যাচ্ছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত মাঠে ফেরার প্রত্যয় ব্যক্ত করেছেন। সবকিছু ঠিক থাকলে রাউন্ড অব ১৬-এর আগে তার ফেরার সম্ভাবনা নেই।
জাপান ম্যাচের আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাফিনিয়া লিখেছেন, যত দ্রুত সম্ভব মাঠে ফিরতে সর্বোচ্চ চেষ্টা করছি। সতীর্থদের সঙ্গে থেকে আমাদের লক্ষ্য পূরণে লড়াই করতে চাই। এই জার্সির মর্যাদা রক্ষা করে ব্রাজিলের সমর্থকদের আনন্দ দিতে চাই। আমি শক্ত আছি।
এদিকে ম্যাচের শুরুর একাদশও ঘোষণা করেছে দুই দল।
ব্রাজিলের একাদশ:
আলিসন; দানিলো, মার্কিনিওস, গ্যাব্রিয়েল ম্যাগালহায়েস; ডগলাস সান্তোস; কাসেমিরো, ব্রুনো গিমারায়েস, লুকাস পাকেতা; রায়ান, মাতেউস কুনিয়া, ভিনিসিউস জুনিয়র।
জাপানের একাদশ:
জিওন সুজুকি; তোমিয়াসু, তানিগুচি, ইতো; দোয়ান, সানো, কামাদা, নাকামুরা; মায়েদা, ইতো; উয়েদা।
/এনএ