ব্রাজিলের বিপক্ষে কাতার বিশ্বকাপের টাইব্রেকারের ভুল এড়াতে চান জাপান কোচ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৯:০৪ এএম
২০২২ কাতার বিশ্বকাপের শেষ ষোলোতে ক্রোয়েশিয়ার বিপক্ষে টাইব্রেকারে তিন খেলোয়াড়ের পেনাল্টি মিসের কারণে বিদায় নিতে হয়েছিল জাপানকে। তবে সেই একই ভুলের পুনরাবৃত্তি এড়াতে এবার বাড়তি সতর্ক জাপানের কোচ হাজিমে মোরিয়াসু। তিনি বলেছেন, ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি যদি টাইব্রেকারে গড়ায়, তাহলে এবার পেনাল্টি নেওয়ার ক্রম খেলোয়াড়দের ওপর ছেড়ে না দিয়ে তিনি নিজেই নির্ধারণ করবেন।
চলতি বিশ্বকাপে প্রথমবারের মতো ফাইনালে ওঠার লক্ষ্য নিয়েই এসেছে জাপান। গত চার বছরে জার্মানি, স্পেন ও ইংল্যান্ডের মতো শক্তিশালী দলকে হারানোর সাফল্য দলটির প্রতি প্রত্যাশাও বাড়িয়ে দিয়েছে।
গত বছরের অক্টোবরে টোকিওতে প্রীতি ম্যাচে কার্লো আনচেলত্তির ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়েছিল জাপান। তাই এবার ব্রাজিলও বাড়তি অনুপ্রেরণা নিয়ে মাঠে নামবে বলে মনে করেন মোরিয়াসু। তবে তিনি জানান, গ্রুপ পর্বে চোট পাওয়া উইঙ্গার তাকেফুসা কুবো ব্রাজিলের বিপক্ষে খেলতে পারবেন না।
মোরিয়াসু বলেন, কুবো দলের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলনে অংশ নিচ্ছে না। সে আলাদাভাবে অনুশীলন করছে। ব্রাজিলের বিপক্ষে সে খেলবে না। আমরা চাই, সে দ্রুত সুস্থ হয়ে উঠুক।
এছাড়াও কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোজুড়ে আয়োজিত এই বিশ্বকাপে দীর্ঘ ভ্রমণ খেলোয়াড়দের জন্য ক্লান্তিকর বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে ব্রাজিলের তুলনায় এক দিন কম বিশ্রাম পাওয়াও দলের জন্য একটি বড় চ্যালেঞ্জ বলে স্বীকার করেন জাপানের কোচ।
মোরিয়াসু বলেন, আমরা বিশ্বাস করি, আমরা জিততে পারি এবং এই বিশ্বকাপেও আমাদের সেই সুযোগও আছে। অনেকেই জাপানকে ‘ডার্ক হর্স’ বলছেন, আর আমরা সেই মানসিকতা নিয়েই মাঠে নামবো।
/এসআইএন