২০২৬ ফিফা বিশ্বমঞ্চে জর্ডানের মুখোমুখি হয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচের আগেই আলবিসেলেস্তেদের মাস্টারমাইন্ড কোচ লিওনেল স্কালোনি ঘোষণা দিয়েছিলেন, ৩৯ বছর বয়সী মহাতারকা লিওনেল মেসিকে রোববার (২৮ জুন) শুরুর একাদশে রাখা হবে না। কোচের সেই পূর্বপরিকল্পনা অনুযায়ী ডাগআউটে রেখেই মাঠে নামে আর্জেন্টিনা। তবে অধিনায়ককে ছাড়াই প্রথমার্ধের শুরু থেকে জর্ডানের রক্ষণভাগকে স্রেফ নাচিয়ে ছেড়েছে স্কালোনির শিষ্যরা। ম্যাচের আধা ঘণ্টার মধ্যেই ২-০ গোলের দাপুটে লিড নিয়ে ম্যাচ পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে আর্জেন্টিনা।
ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণ শানাতে থাকা আর্জেন্টিনা প্রথম ডেডলক ভাঙে ১৯তম মিনিটে। জর্ডানের বক্সের ঠিক বাইরে ফ্রি-কিক পায় আলবিসেলেস্তেরা। সেখান থেকে চোখ ধাঁধানো, নিখুঁত এক বাঁকানো ফ্রি-কিকে জর্ডানের জাল কাঁপিয়ে দলকে ১-০ গোলে এগিয়ে নেন মিডফিল্ডার জিওভানি লো সেলসো। এই গোলের ধাক্কা এশিয়ান দলটি সামলে ওঠার আগেই আরও এক বিধ্বংসী আক্রমণ চালায় আর্জেন্টিনা।
ম্যাচের ৩০তম মিনিটে জর্ডানের ডিফেন্সে ঢুকে পড়া হুলিয়ান আলভারেজ বক্সের ভেতর ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে অত্যন্ত ঠাণ্ডা মাথায় বল জালে জড়িয়ে আর্জেন্টিনার লিড দ্বিগুণ করেন লাওতারো মার্তিনেজ।
চলতি ২০২৬ বিশ্বকাপে এটি লাওতারোর প্রথম গোল, যা পুরো দলের আত্মবিশ্বাসকে তুঙ্গে নিয়ে গেছে। ম্যাচের প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে থাকা আর্জেন্টিনার সমর্থকরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন দ্বিতীয়ার্ধের জন্য; কারণ কোচ স্কালোনি আগেই ইঙ্গিত দিয়েছেন, জর্ডানের ডিফেন্সকে পুরোপুরি গুঁড়িয়ে দিতে ম্যাচের দ্বিতীয়ার্ধেই মাঠ কাঁপাতে নামতে পারেন লিওনেল মেসি।
/এএ