বিশ্বকাপে গ্রুপ ‘এল’-এর শীর্ষস্থান নিশ্চিত করার লক্ষ্যে পানামার মুখোমুখি হবে এবারের আসরের অন্যতম ফেভারিট ইংল্যান্ড। যদিও ইতোমধ্যেই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে পানামা, তবু ফলাফলের চেয়ে অনেক বেশি ইতিবাচক ছিল তাদের পারফরম্যান্স। তাই এই ম্যাচে পানামার শক্তিশালী চ্যালেঞ্জের মুখে পড়তে পারে থ্রি লায়ন্সরা।
শনিবার (২৭ জুন) বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায় ফিলাডেলফিয়ার লিংকন ফাইনান্সিয়াল ফিল্ডে মুখোমুখি হবে দুদল।
গ্রুপ পর্বে ঘানা ও ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের বিভিন্ন সময়ে আধিপত্য দেখিয়েছে পানামা। তবে দলের অন্যতম সেরা ফুটবলার আদালবের্তো কারাসকুইলার চোট এবং আক্রমণে কার্যকারিতার অভাবে সেই ভালো খেলাকে জয়ে রূপ দিতে পারেনি তারা।
ম্যাচের পরিস্থিতি অনুযায়ী ৪-৪-২, ৫-৩-২ ও ৫-৪-১ ফরমেশনে খেলতে পারে কোচ টমাস ক্রিস্টিয়ানসেনের দল। প্রতিপক্ষের গোলকিক থেকে পাওয়া সুযোগে হাই প্রেসিং করলেও, প্রয়োজন হলে দ্রুত রক্ষণাত্মক কৌশলে ফিরে যায় তারা।
অন্যদিকে, প্রতিপক্ষের প্রেসিংয়ে তৈরি হওয়া ফাঁকা জায়গা দ্রুত কাজে লাগাতে দক্ষ টমাস টুখেলের দল। তাই পানামা যদি ওপরে উঠে প্রেসিং করে, তাহলে উইং ব্যবহার করে আক্রমণ গড়ে তুলতে পারে ইংল্যান্ড। বিশেষ করে ফুল-ব্যাক ও উইঙ্গারদের সমন্বয়ে প্রতিপক্ষের রক্ষণে ফাঁক তৈরি করাই হতে পারে তাদের প্রধান কৌশল।
এছাড়া স্ট্রাইকার হ্যারি কেইন মাঝমাঠে নেমে এসে পেছনের ফাঁকা জায়গায় নিখুঁত পাস দিলে, পানামার তুলনামূলক উঁচু ডিফেন্স ভাঙার সুযোগও পেতে পারে ইংল্যান্ড।
তবে, আক্রমণে কম বিপজ্জনক নয় পানামাও। মিডফিল্ডার ক্রিস্টিয়ান মার্টিনেজের নেতৃত্বে দ্রুত ছোট ছোট পাসে প্রতিপক্ষের প্রেস ভাঙতে পারে তারা। যদিও শেষ মুহূর্তে গোল করার সক্ষমতার অভাবই এখন পর্যন্ত তাদের সবচেয়ে বড় দুর্বলতা।
ইতোমধ্যেই বিদায় নিশ্চিত হলেও সম্মান রক্ষার লড়াইয়ে ইংল্যান্ডকে কঠিন পরীক্ষা দিতে প্রস্তুত পানামা। আর জয় পেলেই গ্রুপ সেরা হিসেবে নকআউট পর্বে উঠবে থ্রি লায়ন্সরা।
/এনএ