যমুনা টিভির প্রীতি ম্যাচ
ব্রাজিলকে ৫-৩ গোলে হারালো আর্জেন্টিনা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৯:৫৯ পিএম
বিশ্বকাপ জ্বরে কাঁপছে পুরো দুনিয়া। সেই আবহে যমুনা টেলিভিশনের কর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে এক প্রাণবন্ত প্রীতি ফুটবল ম্যাচ। আর্জেন্টিনা ও ব্রাজিল দুই দলে বিভক্ত হয়ে মাঠে নামেন তারা। উৎসবমুখর এই লড়াইয়ে ৫-৩ গোলের ব্যবধানে জয় তুলে নেয় আকাশি-সাদারা।
শনিবার (২৭ জুন) রাজধানীর যমুনা ফিউচার পার্কের টার্ফে আয়োজিত এই ম্যাচে জয়ী দলের হয়ে দারুণ নৈপুণ্য দেখান লতিফ। তিনি করেন হ্যাটট্রিক। এছাড়া, একটি করে গোল করেন পিয়াল ও ইয়ামিন।
ম্যাচজুড়ে ছিল প্রাণচাঞ্চল্য, হাসি-আনন্দ আর সহকর্মীদের উচ্ছ্বসিত সমর্থন। মাঠের লড়াই শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেওয়া হয়।
পুরস্কার বিতরণ করেন যমুনা গ্রুপের পরিচালক কামরুল ইসলাম এবং যমুনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফাহিম আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন যমুনা টেলিভিশনের হেড অব নিউজ তৌহিদুল ইসলাম।

প্রীতি ম্যাচটি সহকর্মীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করতে ভূমিকা রাখে। মাঠের প্রতিদ্বন্দ্বিতা শেষে হাসিমুখেই একে অপরকে অভিনন্দন জানান দুই দলের খেলোয়াড়রা।
/এএম