নকআউটে মিশর, গ্রুপে তৃতীয় হয়ে অপেক্ষা বাড়ল ইরানের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১১:১২ এএম
ফিফা বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মিশরের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ইরান। এতে গ্রুপ রানার্সআপ হিসেবে পরের রাউন্ডে উঠেছে মিশর। তবে গ্রুপ থেকে তৃতীয় দল হিসেবে নকআউটে যাওয়ার সুযোগ রয়েছে ইরানের সামনেও। এর জন্য তৃতীয় দলগুলোর সার্বিক র্যাঙ্কিংয়ের তালিকা আসা পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে তাদের।
শনিবার (২৭ জুন) বাংলাদেশ সময় সকাল ৯টায় সিয়াটল স্টেডিয়ামে মুখোমুখি হয় দু'দল।
ম্যাচের শুরু থেকেই আক্রমণ চালাতে থাকে মিশর। সেই ফল পেতেও বেশি দেরি হয়নি তাদের। পঞ্চম মিনিটেই ডেডলক ভাঙেন সাবের। বিশ্বকাপ ইতিহাসে মিশরের দ্রুততম গোল এটিই।
অবশ্য এর কয়েক মিনিট পরই পেনাল্টি পেয়েছিল ইরান। সেই সুযোগ কাজে লাগাতে পারেননি মেহেদী তারেমি। তবে ইরানকেও বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ম্যাচের ১৪ মিনিটে গোল করে ম্যাচে সমতা ফেরান রামিন রেজাইয়ান।
একটু আগেই পেনাল্টি ঠেকানো মিশর গোলকিপার মোস্তফা শোবের শুরুতে মিলাদ মোহাম্মদীর শট আটকে দিয়েছিলেন। তবে পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে পারেননি। ফিরতি বলে দারুণ শটে গোল করেন রামিন। বিরতির আগে উভয় পক্ষই কয়েকটি আক্রমণ চালায়। তবে সেগুলো লক্ষ্যভেদ করতে ব্যর্থ।
দ্বিতীয়ার্ধের পুরো সময় জুড়ে উভয় দলই একে অপরের বিপক্ষে আক্রমণ চালায়। তবে প্রতিপক্ষের রক্ষণভাগ কে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে ব্যর্থ হয় উভয় দলের ফরোয়ার্ডরা।
ইনজুরি সময়ের শেষ দিকে ইরান একটি গোল দিয়ে লিড নিলেও, ভিএআর তা বাতিল করে। শেষ পর্যন্ত ১-১ সমতায় শেষ হয় ম্যাচ। এতে নকআউট পর্বের জন্য ইরানের ভাগ্য ঝুলে রইলো।
/এমএইচআর