২০২৬ ফিফা বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ রাউন্ডে গ্রুপ ‘এইচ’-এর শীর্ষস্থান ও নকআউট নিশ্চিত করার মেগা ম্যাচে শনিবার (২৭ জুন) মুখোমুখি হচ্ছে দুই সাবেক বিশ্বজয়ী পরাশক্তি ইউরোপের স্পেন এবং লাতিন আমেরিকার উরুগুয়ে। ১৯৩০ ও ১৯৫০ সালের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের সামনে শেষ ৩২-এ যাওয়ার কঠিন পরীক্ষা।
অন্যদিকে ২০১০ সালের বিশ্বজয়ী স্পেন ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে। এই গ্রুপে কেপ ভার্দেও ২ পয়েন্ট নিয়ে উরুগুয়ের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে এবং ১ পয়েন্ট পাওয়া সৌদি আরব টেবিলের তলানিতে থাকলেও গাণিতিকভাবে তাদের আশাও শেষ হয়ে যায়নি। ফলে আজ যে কোনো দলের একটি ভুল ওলটপালট করে দিতে পারে পুরো গ্রুপের ভাগ্য।
ম্যাচের আগে উরুগুয়ে শিবিরে ইনজুরির হাহাকার কিছুটা হলেও কমেছে। গোড়ালির চোট কাটিয়ে পুরোপুরি ফিট হয়ে আজ মাঠে নামতে প্রস্তুত ডিফেন্ডার হোসে মারিয়া জিমেনেজ, যার জন্য এই ম্যাচটি দেশের জার্সিতে ১০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলার এক অনন্য মাইলফলক। তবে বার্সেলোনা সেন্টার-ব্যাক রোনাল্ড আরাউহো এবং মিডফিল্ডার ডি অ্যারাসকায়েটা পেশির ইনজুরির কারণে আজকেও মাঠের বাইরে থাকছেন। কেপ ভার্দে ম্যাচে ডাগআউটে বসে থাকা সাবেক লিভারপুল স্ট্রাইকার দারউইন নুনিয়েন্জ আবার একাদশে ফিরতে পারেন ফেদেরিকো ভিনাসের জায়গায়।
স্পেন শিবিরেও রয়েছে চোট আর কার্ডের বড় সতর্কতা। সৌদি আরবের বিপক্ষে প্রথমার্ধেই দুই গোল করা মিকেল ওয়ারজাবাল ও উইঙ্গার লামিন ইয়ামালকে তুলে নেওয়ায় ভক্তদের মনে চোটের গভীরতা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। তবে কোচ নিশ্চিত করেছেন, ১৮ বছর বয়সী ইয়ামালের হ্যামস্ট্রিং চোট কাটিয়ে শতভাগ ফিট করার পরিকল্পনার অংশই ছিল সেটি, আর ওয়ারজাবালের হাঁটুর সামান্য চোট থাকলেও উরুগুয়ের বিপক্ষে আজ তিনি শুরু থেকেই খেলবেন।
হ্যামস্ট্রিং চোট কাটিয়ে বদলি হিসেবে খেলা নিকো উইলিয়ামস আজ অ্যালেক্স বায়ানার জায়গায় শুরুর একাদশে আসতে পারেন। তবে স্পেনের সবচেয়ে বড় চিন্তা মিডফিল্ডার পেদ্রিকে নিয়ে; টুর্নামেন্টে একমাত্র হলুদ কার্ড পাওয়া এই তারকা আজ আরও একটি কার্ড দেখলে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হবেন, তাই নকআউটের কথা ভেবে পেদ্রিকে আজ বিশ্রামে রাখার ছক কষছে স্প্যানিশ ডাগআউট।
/এএ