×
Logo

খেলাধুলা

ইরাককে ৫–০ গোলে উড়িয়ে দিল সেনেগাল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৩:২২ এএম

ইরাককে ৫–০ গোলে উড়িয়ে দিল সেনেগাল

২০২৬ ফিফা বিশ্বমঞ্চে প্রথমার্ধের প্রতিরোধ ভেঙে দ্বিতীয়ার্ধে ১০ জনের ইরাককে ৫-০ গোলের বিশাল ব্যবধানে গুঁড়িয়ে দিয়ে বিশ্বকাপের ‘রাউন্ড অব ৩২’ বা নকআউট পর্ব নিশ্চিত করার একেবারে দ্বারপ্রান্তে পৌঁছে গেছে আফ্রিকান কাপ অব নেশনসের বর্তমান রানার্সআপরা। 

প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকা সেনেগালকে বিরতির পর কিছুটা ধুঁকতে হলেও, ৫৬ মিনিটের পর মাত্র ২৬ মিনিটের এক বিধ্বংসী ঝড়ে আরও ৪টি গোল করে ইরাককে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে দেয় সাদিও মানের দল।

দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫৬ মিনিটে ইরাকের নিজেদের অর্ধে জিদান ইকবালের এক মারাত্মক ভুলের সুযোগ নেয় সেনেগাল। তার পা থেকে বল কেড়ে নিয়ে লামিন কামারা নিঃস্বার্থভাবে পাশে থাকা ইসমাইলা সারকে বল বাড়িয়ে দেন। এত কাছ থেকে ঠাণ্ডা মাথায় গোল করতে কোনো ভুল করেননি সার, যার ফলে ২-০ তে এগিয়ে যায় দল। এই গোলের রেশ কাটতে না কাটতেই ৫৯ মিনিটে মাঠে নেমে নিজের প্রথম স্পর্শেই বাজিমাত করেন বদলি খেলোয়াড় পাপে গেয়ে। মাঠে নামার মাত্র ২ মিনিটের মাথায় এক দুর্দান্ত শটে দলের পক্ষে ৩য় গোলটি করেন তিনি।

ইরাকের রক্ষণভাগকে পুরোপুরি ভেঙে দিয়ে ম্যাচের ৭১ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করে স্কোরলাইন ৪-০ করেন এই পাপে গেয়ে। এরপর ম্যাচের শেষ দিকে, ৮২ মিনিটে ইরাকের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন ইলিমান এনদিয়ায়ে। তার চমৎকার ফিনিশিংয়ে ৫-০ গোলের এক রাজকীয় জয় নিয়ে মাঠ ছাড়ে আফ্রিকান লায়নরা। প্রথমার্ধের ১৩ মিনিটে রেবিন সুলাকার লাল কার্ডের যে বড় খেসারত ইরাক দেওয়া শুরু করেছিল, দ্বিতীয়ার্ধে সেনেগালের ক্ষিপ্র আক্রমণের সামনে তা এক চরম বিপর্যয়ে রূপ নেয়। ৫ গোলের এই বিশাল জয়ে এখন উড্ডীন ডানায় নকআউটের টিকিট কাটার উল্লাসে মাতোয়ারা সেনেগাল।

/এএ

Logo