নিউ জার্সির মাঠে নতুন একাদশ নিয়ে মুখোমুখি ফ্রান্স-নরওয়ে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১২:৫৫ এএম
গ্রুপসেরা হওয়ার লড়াইয়ে শুক্রবার দিবাগতে রাতে ‘আই’ গ্রুপের মুখোমুখি হবে ফ্রান্স ও নরওয়ে দুই দল। একইসঙ্গে ম্যাচে শেষ ৩২-এ ওঠার আশা বাঁচিয়ে রাখতে লড়বে সেনেগাল ও ইরাক।
প্রথম দুই ম্যাচে জিতে ৬ পয়েন্ট নিয়ে এরইমধ্যে নকআউট পর্ব নিশ্চিত করেছে ফ্রান্স ও নরওয়ে। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হবে ফ্রান্স। অন্যদিকে, শীর্ষস্থান দখল করতে জয়ের বিকল্প নেই নরওয়ের। ম্যাচটিতে বিশেষ নজর থাকবে কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হালান্ডের দিকে।
ইতোমধ্যেই এক ম্যাচ হাতে রেখে দু’দলই ‘রাউন্ড অব ৩২’ বা নকআউট পর্ব নিশ্চিত করায়, এই ম্যাচটি মূলত গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার আনুষ্ঠানিকতা। আর সেই সমীকরণ মাথায় রেখে দুই দলের ডাগআউটেই দেখা গেল চমকপ্রদ সব কৌশল। নকআউটের মরণপণ যুদ্ধের আগে নিজেদের সেরা অস্ত্রদের শতভাগ সতেজ রাখতে নরওয়ের একাদশে রেকর্ড ১০টি পরিবর্তন এনেছেন কোচ স্টালে সোলবাক্কেন। ফরাসি বস দিদিয়ের দেশমও তাঁর উইনিং কম্বিনেশনে এনেছেন ৪টি বড় বদল।
সবচেয়ে বড় চমকটি এসেছে নরওয়ে ফুটবল ভক্তদের জন্য; ফ্রান্সের বিরুদ্ধে শুরুর একাদশেই রাখা হয়নি টুর্নামেন্টের অন্যতম শীর্ষ গোলদাতা আর্লিং হলান্ডকে। প্রথম দুই ম্যাচে ৪ গোল করে বিধ্বংসী ফর্মে থাকা ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকারকে শেষ ৩২-এর নকআউট রাউন্ডে পুরোপুরি ফিট পেতেই এই সাহসী সিদ্ধান্ত নিয়েছেন সোলবাক্কেন। শুধু হলান্ডই নন, আর্সেনাল মিডফিল্ডার মার্টিন ওডেগার্ডকেও রাখা হয়েছে শুরুর একাদশের বাইরে। অস্কার বব ও লারসেনদের কাঁধে আক্রমণভাগের দায়িত্ব দিয়ে সম্পূর্ণ নতুন এক ঝাঁক ভাইকিংদের মাঠে নামাচ্ছে নরওয়ে।
অন্যদিকে, আগেই নকআউট নিশ্চিত করা ফ্রান্স শিবিরে খুব বেশি গা-ছাড়া ভাব দেখাননি দিদিয়ের দেশম। একাদশে ৪টি পরিবর্তন আনলেও আক্রমণভাগের প্রধান সেনাপতি ও ১৬ গোল করে রেকর্ড বুকে থাকা কিলিয়ান এমবাপ্পেকে ঠিকই শুরুর একাদশে রেখেছেন তিনি। ফরাসি শিবিরে বড় খবর—একাদশে ফিরেছেন প্রতিভাবান অ্যাটাকিং মিডফিল্ডার দেজিরে দুয়ে। মাইনিয়ঁ, উপামেকানো, চুয়ামেনি এবং উসমান দেম্বেলেদের নিয়ে গড়া ফ্রান্সের এই শক্তির গভীরতা আজ পরীক্ষা নেবে হলান্ড-ওডেগার্ডহীন নরওয়ের। বেঞ্চের শক্তি পরখ করার এই রাজকীয় লড়াইয়ে শেষ পর্যন্ত কোন দল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মাঠ ছাড়ে, তা দেখতে মুখিয়ে আছে ফুটবল বিশ্ব।
দুই দলের অফিশিয়াল শুরুর একাদশ হলো ফ্রান্স (৪-৩-৩): মাইক মাইনিয়ঁ (গোলকিপার); জুলস কুন্দে, ম্যাক্সাঁস লাক্রোয়া, দায়োত উপামেকানো, থিও হার্নান্দেজ; অরেলিয়াঁ চুয়ামেনি, ইব্রাহিমা কোনাতে, দেজিরে দুয়ে; উসমান দেম্বেলে, মাইকেল ওলিসে, কিলিয়ান এমবাপ্পে।
নরওয়ে (৪-৪-২) এগিল সেলভিক (গোলকিপার); লিও স্কিরি অস্টিগার্ড, ফ্রেডরিক বিয়ারকোন, হেনরিক ফালখেনার, প্যাট্রিক বার্গ; ফ্রেডরিক অউরসনেস, ক্রিস্টিয়ান থর্সটভেট, থেলো আসগার্ড, আন্দ্রেয়াস দেরুপ; অস্কার বব, ইয়র্গেন স্ট্রান্ড লারসেন।
/এএ