ভিনির গোল বাতিলে ফিফায় ব্রাজিলের নালিশ, রেফারেন্সে মেসির গোল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০৭:৫৫ পিএম
স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে ভিনিসিয়ুস জুনিয়রের করা একটি গোল ভিএআরের সহায়তায় বাতিল করেন রেফারি। ব্রাজিলের গণমাধ্যমের খবর, সেই সিদ্ধান্তের বিরুদ্ধে ফিফার কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। শুধু তাই নয়, অভিযোগের পক্ষে যুক্তি হিসেবে অস্ট্রিয়ার বিপক্ষে লিওনেল মেসির একটি গোলের ঘটনাও রেফারেন্স হিসেবে তুলে ধরা হয়েছে।
চলতি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে ভিনিসিয়ুস জুনিয়র। তিন ম্যাচেই হয়েছেন ম্যাচসেরার পাশাপাশি চারটি গোলের দেখাও পেয়েছেন। স্কটল্যান্ডের বিপক্ষে আরও একটি গোল পেলে হ্যাটট্রিক হতো। সেক্ষেত্রে ১৯৫৮ বিশ্বকাপে পেলের পর প্রথম ব্রাজিলিয়ান হিসেবে বিশ্বকাপে হ্যাটট্রিকের কীর্তিও গড়তেন তিনি।
তবে ভিনির হ্যাটট্রিক না হওয়ার পেছনে দুইটি কারণ রয়েছে। একটি, তিনি অন্তত দুটি সহজ সুযোগ নষ্ট করেছেন। অন্যটি, রেফারির বিতর্কিত সিদ্ধান্ত। ম্যাচের ২৪তম মিনিটে স্কটিশ ডিফেন্ডার জ্যাক হেনরির কাছ থেকে বল কেড়ে নিয়ে গোল করেন ভিনি। তবে ভিএআরের সহায়তায় রিপ্লে দেখে রেফারি সেসার আর্তুরো রামোস গোলটি বাতিল করেন। তার সিদ্ধান্ত ছিল, বল কেড়ে নেওয়ার সময় হেনরিকে ফাউল করেছিলেন ভিনিসিয়ুস।
এই সিদ্ধান্ত ঘিরে ফুটবল অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। ব্রাজিলের গণমাধ্যমের দাবি, ওই সিদ্ধান্তের বিরুদ্ধেই ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে সিবিএফ।
অভিযোগে অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচের একটি ঘটনাও উল্লেখ করা হয়েছে। সেই ম্যাচে মেসির গোলের বিল্ডআপে অস্ট্রিয়ার এক ফুটবলারকে ট্যাকল করেছিলেন আর্জেন্টাইন মিডফিল্ডার আলেক্সিস ম্যাক অ্যালিস্টার। তবে রেফারি খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। পরে সেই আক্রমণ থেকেই গোল করেন মেসি। অস্ট্রিয়ার খেলোয়াড়রা প্রতিবাদ জানালেও সিদ্ধান্ত পরিবর্তন করা হয়নি। একই ধরনের ঘটনায় ভিন্ন সিদ্ধান্ত দেওয়ায় ব্রাজিল সেটিকেই রেফারেন্স হিসেবে তুলে ধরেছে।
প্রসঙ্গত, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ইতোমধ্যে রাউন্ড অব ৩২ নিশ্চিত করেছে ব্রাজিল। নকআউট পর্বে তাদের প্রতিপক্ষ জাপান।