এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লো বিশ্বকাপ ২০২৬
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০৪:২০ পিএম
২০২৬ ফুটবল বিশ্বকাপে এক আসরে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড গড়া হয়েছে। আগের কাতার বিশ্বকাপের সর্বোচ্চ ১৭২ গোলের রেকর্ড ভেঙে গেছে।
বৃহস্পতিবার গ্রুপ ‘ডি’-তে যুক্তরাষ্ট্র ও তুরস্কের ম্যাচের শুরুতেই অস্টন ট্রাস্টির করা গোলটি ছিল টুর্নামেন্টের ১৭৩ তম গোল। পরে ম্যাচটিতে আরও চারটি গোল হলে টুর্নামেন্টে মোট গোলসংখ্যা দাঁড়ায় ১৭৭। শেষ মুহূর্তের নাটকীয়তায় ৩-২ গোলের জয় পায় তুরস্ক।
মাত্র ৫৯ ম্যাচেই এই রেকর্ড গড়েছে ২০২৬ বিশ্বকাপ। এর তুলনায় কাতার বিশ্বকাপের ৬৪ ম্যাচ শেষে মোট গোল হয়েছিল ১৭২টি।
এবারের বিশ্বকাপে ৩২ দলের পরিবর্তে অংশ নিচ্ছে ৪৮টি দল। ফলে ম্যাচসংখ্যাও বেড়ে হয়েছে ১০৪টি, যা আগের আসরের চেয়ে ৪০টি বেশি।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ইনস্টাগ্রামে এক পোস্টে বলেন, কাতার বিশ্বকাপের গোলের রেকর্ড অতিক্রম করা প্রমাণ করে, ২০২৬ বিশ্বকাপ শুরু থেকেই আক্রমণাত্মক ও রোমাঞ্চকর ফুটবলের এক স্মরণীয় আসরে পরিণত হয়েছে।
/এসআইএন