রোমাঞ্চকর ম্যাচে যুক্তরাষ্ট্রকে হারিয়েও বিশ্বকাপ থেকে বিদায় তুরস্কের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ জুন ২০২৬, ১১:২৮ এএম
বিশ্বকাপের গ্রুপ ‘ডি’ এর প্রথম দুই ম্যাচে হেরে আগেই বিদায় নিশ্চিত হয়েছিল তুরস্কের। তবে শেষ ম্যাচে দারুণ রোমাঞ্চ জাগিয়ে, গ্রুপ চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রকে ৩-২ গোলে পরাজিত করে বিশ্বকাপ মিশন শেষ করলো তারা।
শুক্রবার (২৬ জুন) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে স্বাগতিক যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয় ২০০২ বিশ্বকাপের তৃতীয়স্থান অর্জনকারীরা।
ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণ পাল্টা আক্রমণ চালাতে থাকে উভয়দল। তৃতীয় মিনিটেই অস্টন ট্রাস্টির গোলে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। এর সাত মিনিট পরই তুরস্ককে সমতায় ফেরান আরদা গুলার।
এরপর, ম্যাচের ৩১ মিনিটে এরেন এলমালির পাস থেকে বারিস ইলমাজ গোল করে, লিড এনে দেয় তুরস্ককে। ২-১ গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে তুরস্ক।
পিছিয়ে পরলেও, ম্যাচ থেকে ছিটকে পড়েনি যুক্তরাষ্ট্র। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে ৪ মিনিটের মাথায়ই সমতায় ফেরে মার্কিনরা। দূরপাল্লার দুর্দান্ত শটে গোল করেন সেবাস্তিয়ান বারহাল্টার।
এরপরও আক্রমণ চালাতে থাকে দুদলই। তবে তার বেশিরভাগই হয় ব্যর্থ। কিন্তু ম্যাচ শেষের ঠিক আগ মুহূর্তে, যোগ করা সময়ের অষ্টম মিনিটে তুরস্কের হয়ে জয়সূচক গোল করেন কান আয়হান।
এই ম্যাচে তুরস্কের হয়ে সর্বকনিষ্ঠ বিশ্বকাপ গোলদাতা হয়েছেন আরদা গুলার। ম্যাচ সেরার পুরস্কারও উঠেছে তার হাতে।
হারের পরও গ্রুপের শীর্ষ দল হিসেবেই নকআউট পর্বে উঠেছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে, শেষ ম্যাচে জয় পেলেও আগেই বিদায় নিশ্চিত হওয়ায় বিশ্বকাপ অভিযান শেষ হয়েছে তুরস্কের।