×
Logo

খেলাধুলা

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড ঘোষণা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০২:৩৭ এএম

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড ঘোষণা

জিম্বাবুয়ের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সদ্য ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। ওই সিরিজের দলটি ধরে রেখেছে বিসিবি। শুধুমাত্র ওই সিরিজের তৃতীয় ওয়ানডের আগে হঠাৎ দলে ডাক পাওয়া শেখ মাহেদি হাসান বাদ পড়েছেন।

তবে, চোটের কারণে জিম্বাবুয়ে বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে খেলবেন না লিটন দাস। ওয়ানডে সিরিজের দলে রাখা হয়েছে তাকে।

২০২২ সালে সবশেষ ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। সফরকারী হিসেবে জিম্বাবুয়ের মাটিতে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে হেরেছিল টাইগাররা।

আগামী ২৮ জুন থেকে সিরিজের একমাত্র টেস্ট খেলতে নামবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। এরপর ৬ জুলাই থেকে ওয়ানডে সিরিজ শুরু করবে দু’দল। সিরিজের বাকী দুই ম্যাচ হবে যথাক্রমে-৯ ও ১১ জুলাই। ওয়ানডে শেষে ১৫ জুলাই থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে তারা।

জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ ওয়ানডে দল: মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।

/এমএইচআর

Logo