ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘ই’-এর শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে কুরাসাও ও আইভরি কোস্ট। দুই দলের সামনে সমীকরণ ভিন্ন হলেও লক্ষ্য একটাই, নকআউট পর্বে জায়গা নিশ্চিত করা। একই সময়ে অনুষ্ঠিত হবে জার্মানি-ইকুয়েডর ম্যাচ।
বৃহস্পতিবার (২৫ জুন) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচে আইভরি কোস্টের জন্য একটি ড্র'ই যথেষ্ট। আর কুরাসাওকে ইতিহাস গড়তে হলে জিততেই হবে।
আসরের শুরুতে ইকুয়েডরকে ১–০ গোলে হারিয়ে দারুণ সূচনা করেছিল আইভরি কোস্ট। যদিও দ্বিতীয় ম্যাচে জার্মানির বিপক্ষে শেষ মুহূর্তের গোলে ২–১ ব্যবধানে হারতে হয়েছে তাদের। তবু পরিস্থিতি এখনও তাদের নিয়ন্ত্রণে। কুরাসাওয়ের বিপক্ষে হার এড়াতে পারলেই প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে ওঠার স্বপ্ন পূরণ হবে আফ্রিকার দলটির।
বিশ্বকাপে এর আগে কখনও গ্রুপ পর্ব পেরোতে পারেনি তারা। শুধু তাই নয়, বিশ্বকাপের এক আসরে কখনো দুটি ম্যাচও জেতা হয়নি তাদের। তাই এই ম্যাচটি তাদের জন্য নতুন অধ্যায় লেখার সুযোগ।
আইভরি কোস্টের আক্রমণভাগও বেশ আত্মবিশ্বাসী। বিশ্বকাপ ইতিহাসে তাদের খেলা ১১ ম্যাচের মধ্যে ১০টিতেই গোল করেছে দলটি। যা অন্তত তিনটি ম্যাচ খেলা দলগুলোর মধ্যে অন্যতম সেরা রেকর্ড। তরুণ উইঙ্গার ইয়ান দিয়োমান্দে ইতোমধ্যে নজর কেড়েছেন। প্রথম দুই ম্যাচে তার আটটি সফল ড্রিবল বিশ্বকাপে কোনো আফ্রিকান ফুটবলারের প্রথম দুই ম্যাচে যৌথ সর্বোচ্চ।
অপরদিকে, কুরাসাওয়ের গল্পটা সংগ্রাম আর চমকের। প্রথম ম্যাচে জার্মানির কাছে ৭–১ গোলে বিধ্বস্ত হওয়ার পর অনেকেই তাদের সম্ভাবনা শেষ বলে ধরে নিয়েছিলেন। কিন্তু দ্বিতীয় ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে গোলশূন্য ড্র করে আবারও আলোচনায় ফিরে এসেছে ডিক অ্যাডভোকাটের দল। সেই ম্যাচের নায়ক ছিলেন গোলরক্ষক এলয় রুম। তিনি একাই ১৫টি সেভ করে বিশ্বকাপের ইতিহাসে নির্ধারিত সময়ে সর্বোচ্চ সেভের রেকর্ড গড়েছেন। তার অসাধারণ পারফরম্যান্সই কুরাসাও বিশ্বকাপে প্রথম পয়েন্টের মুখ দেখে।
তবে, এবার কুরাসাওয়ের সামনে রয়েছে আরও বড় সুযোগ। র্যাঙ্কিংয়ে ৮৩তম স্থানে থাকা দলটি নকআউট পর্বে উঠতে পারলে বিশ্বকাপ ইতিহাসে গ্রুপ পর্ব পেরোনো সর্বনিম্ন র্যাঙ্কিংধারী দলগুলোর একটি হয়ে যাবে। ফলে তাদের জন্য এটি কেবল একটি ম্যাচ নয়, বরং ইতিহাস গড়ার মঞ্চ হিসেবেই আইভরি কোস্টের বিপক্ষে মাঠে নামবে তারা।
উল্লেখ্য, এই গ্রুপে প্রতিটি দলই ইতোমধ্যে দুইটি করে ম্যাচ খেলেছে। ২ জয় নিয়ে গ্রুপ টেবিলের শীর্ষে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি।
/এমএইচআর