×
Logo

খেলাধুলা

বিশ্বকাপে কবে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও ব্রাজিল?

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৮:১৯ পিএম

বিশ্বকাপে কবে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও ব্রাজিল?

২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা চলছে। তবে এরইমধ্যে ব্রাজিল-আর্জেন্টিনাসহ বেশ কয়েকটি দল নকআউট পর্বের টিকিট নিশ্চিত করেছে। আবার অনেক দলের টুর্নামেন্ট থেকে বিদায় ঘণ্টাও বেজে গেছে, বাকি ম্যাচ আনুষ্ঠানিকতা মাত্র। যদিও দর্শকদের মধ্যে বাড়তি উত্তেজনা কাজ করে ব্রাজিল ও আর্জেন্টিনাকে ঘিরে। প্রতি বিশ্বকাপেই চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দলের মুখোমুখি লড়াই দেখার আগ্রহ থাকে ফুটবলপ্রেমীদের। স্বাভাবিকভাবেই ফুটবলপ্রেমি দর্শকদের প্রশ্ন উঠছে, ২০২৬ বিশ্বকাপে ব্রাজিল ও আর্জেন্টিনা কবে, কখন মুখোমুখি হতে পারে?

বিশ্বকাপের নকআউট সূচি অনুযায়ী, আর্জেন্টিনা ও ব্রাজিলের সম্ভাব্য দেখা হতে পারে সেমিফাইনালে। তবে সেই লড়াইয়ের আগে দুই দলকেই শেষ ৩২, শেষ ১৬ ও কোয়ার্টার ফাইনাল পেরিয়ে আসতে হবে।

এরইমধ্যে গ্রুপ ‘জে’-তে প্রথম দুই ম্যাচ জিতে শীর্ষস্থান নিশ্চিত করেছে আর্জেন্টিনা। আলজেরিয়াকে ৩-০ এবং অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ফলে শেষ ষোলোতে তাদের প্রতিপক্ষ হবে গ্রুপ ‘এইচ’-এর রানার্সআপ দল। সেক্ষেত্রে উরুগুয়ে ও নবাগত দল কেপ ভার্দে হতে পারে।

অন্যদিকে, গ্রুপ ‘সি’-তে সাত পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে নকআউট পর্ব নিশ্চিত করেছে ব্রাজিল। প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র, পরে হাইতিকে ৩-০ এবং স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারায় কার্লো আনচেলত্তির দল। মরক্কোরও সমান সাত পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে গ্রুপসেরা হয় সেলেসাওরা। পয়েন্ট টেবিলে ব্রাজিলের গোল ব্যবধান ছিল +৬, যেখানে মরক্কোর ছিল +৩। শেষ ষোলোতে তাদের প্রতিপক্ষ হবে গ্রুপ ‘এফ’-এর রানার্সআপ, যা নেদারল্যান্ডস, সুইডেন অথবা জাপানের কেউ হতে পারে।

আর্জেন্টিনা ও ব্রাজিলের অফিসিয়াল ম্যাচের ইতিহাসও বেশ জমজমাট। এখন পর্যন্ত ১০৬টি ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। এর মধ্যে আর্জেন্টিনা জিতেছে ৪১টি ম্যাচে, ব্রাজিল ৩৯টিতে। ড্র হয়েছে ২৬টি ম্যাচ।

যদিও সাম্প্রতিক পাঁচ দেখায় অবশ্য এগিয়ে আর্জেন্টিনা। ২০২৫ সালের মার্চে বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলকে ৪-১ গোলে হারানোর পাশাপাশি ২০২৩ সালের বাছাইপর্ব এবং ২০২১ সালের কোপা আমেরিকার ফাইনালেও জয় পেয়েছিল আলবিসেলেস্তেরা।

এর আগে, ২০১৪ বিশ্বকাপে আর্জেন্টিনা ও ব্রাজিলের ফাইনালে মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলের ব্যবধানে হেরে বিদায় নেয় ব্রাজিল। ফলে ফাইনালে মুখোমুখি হয় জার্মানি ও আর্জেন্টিনা। অতিরিক্ত সময়ে মারিও গোটসের একমাত্র গোলে ১-০ ব্যবধানে জিতে চ্যাম্পিয়ন হয় জার্মানি।

/এসআইএন

Logo