×
Logo

খেলাধুলা

শুরু হলো স্কটল্যান্ড বনাম ব্রাজিলের ম্যাচ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৪:৪২ এএম

শুরু হলো স্কটল্যান্ড বনাম ব্রাজিলের ম্যাচ

যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ড রক স্টেডিয়ামে আজ গ্রুপ ‘সি’-র ভাগ্য নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয়েছে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং ইউরোপের লড়াকু দল স্কটল্যান্ড। কার্লো আনচেলত্তির সেলেসাওদের নকআউট পর্ব বা শেষ ৩২ নিশ্চিত করার এই মেগা ম্যাচে খেলা শুরু হতে না হতেই মায়ামিতে দেখা গেল সাম্বা ঝড়। 

ম্যাচ যখন মাত্র ৮ মিনিট, তখনই স্কটল্যান্ডের রক্ষণভাগের এক আত্মঘাতী ভুলের ফায়দা লুটে ব্রাজিলকে ১-০ ব্যবধানে এগিয়ে নিয়েছেন রিয়াল মাদ্রিদ সুপারস্টার ভিনিসিউস জুনিয়র। এই চটজলদি লিড নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে মরক্কোকে বড় মনস্তাত্ত্বিক চাপে ফেলে দিল ব্রাজিল।

ম্যাচের ৮ম মিনিটে ব্রাজিলের তরুণ উইঙ্গার রায়ানের দারুণ প্রেসিংয়ের মুখে পড়েন স্কটল্যান্ডের অভিজ্ঞ সেন্টার-ব্যাক স্কট ম্যাকেনা। ওই বিপজ্জনক মুহূর্তে বলটি মাঠের বাইরে ক্লিয়ার করাই ছিল ম্যাকেনার জন্য সবচেয়ে নিরাপদ সিদ্ধান্ত। কিন্তু বল নিয়ন্ত্রণে নিতে গিয়ে ম্যাকেনার প্রথম টাচ বা ছোঁয়াটাই ছিল প্রচণ্ড নড়বড়ে। স্কটিশ ডিফেন্ডারের সেই মারাত্মক ভুলের সুযোগ নিতে একদমই সময় নেননি ওত পেতে থাকা ভিনিসিউস জুনিয়র। এরপর স্কটল্যান্ডের গোলরক্ষক অ্যাঙ্গাস গানকে চমৎকার ড্রিবলিংয়ে কাটিয়ে অত্যন্ত ঠাণ্ডা মাথায় বল ফাঁকা জালে পাঠিয়ে দেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এটি চলতি ২০২৬ বিশ্বকাপে ভিনিসিউসের ব্যক্তিগত তৃতীয় গোল। 

ইতোমধ্যেই এই গ্রুপ থেকে হাইতি বিদায় নেওয়ায় এবং মরক্কো ৪ পয়েন্ট নিয়ে শক্ত অবস্থানে থাকায়, ব্রাজিলের জন্য এই ম্যাচের ৩ পয়েন্ট টেবিলের শীর্ষস্থান নিশ্চিত করার জন্য অত্যন্ত জরুরি। অন্যদিকে, শুরুতে গোল হজম করে ব্যাকফুটে চলে যাওয়া স্কটল্যান্ডের সামনে এখন ম্যাচ বাঁচানোর কঠিন পরীক্ষা। তবে ইতিহাস গড়ার লক্ষ্যে আজ হারলেও অন্য গ্রুপের তৃতীয় দলগুলোর সমীকরণে প্রথমবারের মতো নকআউটে যাওয়ার ক্ষীণ আশা টিকে থাকতে পারে স্কটিশদের।

/এএ 

Logo